ইলিয়েনার সঙ্গে ঘনিষ্ঠ অজয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগন ও ইলিয়েনা ডি’ক্রুজ
অজয় দেবগন ও ইলিয়েনা ডি’ক্রুজ

অজয় দেবগনের সঙ্গে তাঁর নায়িকাদের ঘনিষ্ঠতা ক্রমে বাড়ছে। এবার তাঁকে ঘনিষ্ঠ হতে দেখা গেছে বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজের সঙ্গে। এ ব্যাপারে অজয় পত্নী কাজল কী বলবেন?

অজয় পর্দাতে তাঁর নায়িকাদের সঙ্গে ক্রমে সাহসী হয়ে উঠছেন, তা বলার অপেক্ষা রাখে না। এই যাত্রা শুরু হয়েছে বলিউড তারকার ঘরের ছবি ‘শিবায়’ থেকে। এই ছবিতে তাঁকে দেখা গেছে নবাগতা পোলিশ অভিনেত্রী ইরিকা কারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে। এবার বলিউড সুপারস্টারকে ‘বাদশাহো’ চলচ্চিত্রে দেখা যাবে ‘রুস্তম’ সুন্দরী ইলিয়েনা ডি’ক্রুজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে। অজয়ের প্রথম পরিচালিত ছবি ‘শিবায়’-এ তাঁর সঙ্গে ইরিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল বলিউডে। এমনকি সুন্দরী বিদেশি অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ অন্তরঙ্গ চুম্বন দৃশ্য করে বিতর্কে জড়িয়ে যান তিনি। অনেকে দাবি করেন, অজয়কে এই প্রথম পর্দাতে ঘনিষ্ঠভাবে চুম্বন খেতে দেখা গেল। এমনকি এই দৃশ্যের ব্যাপারে প্রথমে অভিনেত্রী কাজল কিছুই জানতেন না। শুটিং শেষ হওয়ার পরই স্ত্রী কাজলকে ঘনিষ্ঠ এই দৃশ্যের ব্যাপারে জানান অজয়। কাজল নিজের মুখে এ কথা জানান সংবাদমাধ্যমকে।
এবার পরিচালক মিলন লুথরিয়া পরিচালিত ‘বাদশাহো’ ছবিতে ইলিয়েনার সঙ্গে অজয়ের কিছু আপত্তিকর দৃশ্য আছে বলে শোনা গেছে। ‘বাদশাহো’ একটি রোমাঞ্চকর ছবি। সত্তরের জরুরিভিত্তিক পটভূমিকার ওপর এই ছবিটা নির্মাণ করা হয়েছে। ‘বাদশাহো’ ছায়াছবিতে প্রধান চরিত্রে অজয়-ইলিয়েনা ছাড়া দেখা যাবে ইমরান হাশমি এবং এশা গুপ্তাকে। তবে এ ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথমত, এই ছবিতে ইমরান থাকতেও অজয় সাহসী দৃশ্য করার সাহস কীভাবে পেলেন? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এবারও কি অজয় স্ত্রী কাজলের কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে গেছেন? আর ‘দিলওয়ালে দুলহানিয়া’ খ্যাত অভিনেত্রী স্বামী অজয়ের আবার এই সাহসী পদক্ষেপ কি মেনে নিতে পারবেন?
তবে, সবচেয়ে বড় প্রশ্ন হলো সেন্সর বোর্ড কি আদৌ এই আপত্তিকর দৃশ্যগুলোর ওপর কাঁচি চালাবে না? যেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রাবতা’ ছবিকে কচুকাটা করেছে সেন্সর বোর্ড। সব উত্তর সময়ই বলবে।