জাগগা জাসুসে শাহরুখ নেই, তবে আছেন কে?

অনেক টালবাহানার পর অবশেষে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগগা জাসুস’।
অনুরাগ বসু পরিচালিত এই ছবির সঙ্গে যেন শনির দশা লেগে ছিল। শনির দশা কাটাতে অনেক কাঠখড় পোড়াতে হয় পরিচালককে। তবে শেষমেশ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
কিছুদিন আগে জোর খবর ছিল, বলিউড সুপারস্টার শাহরুখ খানকে রণবীরের এই ছবিতে অতিথি (কেমিও) হিসেবে দেখা যাবে। এমনকি এমন খবরও ছিল, ‘জাগগা জাসুস’-এর সেটে কিং খানকে নাকি রণবীর-ক্যাটরিনার সঙ্গে শুট করতে দেখা গেছে!
তবে সম্প্রতি স্বয়ং পরিচালক অনুরাগ বসু এই কথা ফুঁ মেরে উড়িয়ে দেন। তাঁর বক্তব্য ছিল এমন, ‘ছবিটিতে অবশ্যই সবার জন্য চমক অপেক্ষা করছে। এখনই তা ফাঁস করব না। চমকটা চমকই থাক।’
পরিচালক ‘চমক’ দিতে চাইলেও শেষ পর্যন্ত তা আর ‘চমক’ থাকেনি। ‘জাগগা জাসুস’ ছবিতে বলিউড অভিনেতা গোবিন্দর কেমিওরূপী ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে গোবিন্দর সঙ্গে আছেন রণবীর ও ক্যাটরিনা।
এই ঘটনার পর এ বিষয়ে আর সংশয় নেই যে অনুরাগ বসুর ছবিতে কিং খান নেই। প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা গোবিন্দকেই কেমিও হিসেবে দেখা যাবে এই ছবিতে।
ছবিটির অন্যতম প্রযোজক ছবির নায়ক রণবীর কাপুর। তিনিও সম্প্রতি বলেছিলেন, ‘আমি যত দূর জানি, এই ছবিতে শাহরুখ নেই। তবে কেমিওর চরিত্রে বিশেষ কাউকে দেখা যাবে।’
‘জাগগা জাসুস’ নিয়ে নায়ক-প্রযোজকেরা সবাইকে ধোঁয়াশায় রাখতে চাইলেও রহস্য শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছে। জানা গেল, শাহরুখ নয়, ছবির বিশেষ কেমিও চরিত্রে গোবিন্দকে দেখা যাবে।
রণবীর জানিয়েছেন, ‘জাগগা জাসুস’র টিজার মুক্তির সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা বলিউড বাদশার কাছ থেকেই পেয়েছেন তিনি। পরিচালক অনুরাগকেও ফোন দিয়েছিলেন শাহরুখ।

রণবীরের ভাষ্য, ছবিটির প্রশংসা করে কিং খান বলেছেন, বলিউডে এমন ছবি নির্মাণ হচ্ছে দেখে তিনি খুবই উচ্ছ্বসিত।
শাহরুখের প্রশংসায় আপ্লুত রণবীর।
‘জাগগা জাসুস’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই। এখন দেখার পালা, ছবিটা দর্শকের মন কতটা জয় করতে পারে।