'জীবনে আর বিয়েই করব না'

অনেক আগে থেকেই ৪৮ বছর বয়সী সালমানের নামের পাশে ব্যাচেলর তকমা লেগে রয়েছে। কিন্তু গত কয়েক মাসে মনে হচ্ছিল, এবার বুঝি মনের মতো কাউকে পেলেন বলিউডের তারকা সালমান। কিক ছবির সহকর্মী জ্যাকুলিনের সঙ্গে মাখামাখি দেখে বলিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল এবার বুঝি বিয়ে করে থিতু হবেন সংগীতা, ঐশ্বরিয়া, ক্যাটরিনার সাবেক প্রেমিক। কিন্তু ডিডি নিউজের ‘এক মোলাকাত’ নামের টক শোয় এসে ঘোষণা ভক্তদের নিরাশ করলেন তিনি। ঘোষণা দিলেন, ‘জীবনে আর বিয়েই করব না, আজীবন ব্যাচেলর থেকে যাব’।
অবশ্য ভক্তদের তাঁর ক্যারিয়ার নিয়ে আশার কথা শুনিয়েছেন সালমান। তিনি বলেছেন, যতদিন পারবেন অভিনয় চালিয়ে যাবেন। রাজনীতিতে আসার কিংবা পরিচালক হওয়ার কোনো সাধ নেই তাঁর।
এর আগে ২০১০ সালে এই টক শোতে হাজির হয়ে সালমান প্রসঙ্গে মুখ খুলেছিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে সবচেয়ে বড় ‘লাফাঙ্গা’ বলে অভিহিত করেছিলেন সালমানকে। অবশ্য সালমানের কিছু গুণের প্রশংসাও করেছিলেন দীপিকা। তাঁর মতে, সালমানের মধ্যে এমন কিছু গুন আছে যা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
টক শোয় সালমান তাঁর ভালো লাগার বিষয়গুলো নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেছেন, শিশুদের কল্যাণে সময় দিতে তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের কল্যাণে তাঁর তৈরি সংগঠন ‘বিইং হিউম্যান’ চালিয়ে যেতে পেরে তিনি খুশি এবং বিইং হিউম্যান থেকে শিশুদের জন্য আরও কাজ করতে চান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান ও জ্যাকুলিন অভিনীত কিক ছবিটি। ছবিতে ‘ডেভিল’ চরিত্রে অভিনয় করছেন সালমান। ছবিতে শিশুদের জন্য ‘রবিনহুড’ ভূমিকায় অভিনয় করছেন তিনি।