'জ্ঞান দান' করে বিপাকে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

এটাকে বোধ হয় বলা যায়, ‘চোরের মুখে রাম নাম’। বলিউড অভিনেতা সালমানের অবস্থা এখন অনেকটা সে রকমই। সোমবার এই ‘দাবাং’ অভিনেতা তাঁর দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ থেকে বিশেষ ধরনের সাইকেল বাজারে এনেছেন। এই সাইকেল উদ্বোধন উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সালমান। সেখানেই তরুণদের সাবধানে গাড়ি চালানোর উপদেশ দেন তিনি। অথচ সালমান নিজেই গাড়ি দুর্ঘটনার দায়ে অভিযুক্ত ছিলেন; তিনি কিনা দিচ্ছেন এই জ্ঞান! আর এমন এক কথা বলেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তামাশার শিকার হচ্ছেন বলিউডের এই ‘ভাইজান’।

২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে ঘুমন্ত একজন মানুষকে হত্যা করার অভিযোগ ছিল সালমানের নামে। এ ঘটনায় আরও চারজন ব্যক্তি আহত হয়েছিলেন। সাল্লুর নামে অভিযোগ ছিল, দুর্ঘটনার পর তিনি আহত ব্যক্তিদের সাহায্য না করে গাড়ি নিয়ে পালিয়ে যান। যদিও গত বছর মুম্বাই আদালত তাঁকে সব মামলা থেকে খালাস ঘোষণা করেন। কিন্তু এখনো এ বিষয় নিয়ে যথেষ্ট কানাঘুষা চলে বলিউডে। সালমান সোমবারের সেই অনুষ্ঠানে বলেছিলেন, ‘বাইসাইকেলে সমস্যা নেই, কিন্তু মোটরসাইকেল তরুণদের জন্য সত্যিই ঝুঁকিপূর্ণ। এমনকি তাঁদের চারপাশে যাঁরা থাকবেন, তাঁরাও এই ঝুঁকি থেকে মুক্ত নন।’ রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে সবাইকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

বলাই বাহুল্য, সালমানের কাছ থেকে এমন উপদেশ কেউই প্রত্যাশা করেন না। এ জন্য অনেকের কাছেই তাঁর এই বক্তব্য হাস্যকর মনে হচ্ছে। ইন্ডিয়া টুডে।