'টাইগারকে কটাক্ষ মানে জ্যাকসনের অপমান'

প্রায়ই অন্যের সমালোচনা করে সমালোচিত হন নির্মাতা রাম গোপাল ভার্মা। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সমালোচনার শিকার হয়েছিলেন বলিউডের নতুন নায়ক টাইগার শ্রফ। টাইগারের নাচের ভঙ্গিমা ভার্মার কাছে মেয়েলি মনে হয়েছে।
নাচের ক্ষেত্রে টাইগার আদর্শ মানেন মাইকেল জ্যাকসনকে। বিশ্বখ্যাত এই পপ তারকার সম্মানে ‘মুন্না মাইকেল’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সাব্বির খান পরিচালিত এই ছবির গল্পও একজন মাইকেল জ্যাকসন ভক্তকে নিয়ে। সেই ভক্তের চরিত্রে অভিনয় করেছেন টাইগার। রাম গোপাল ভার্মার মন্তব্যের প্রসঙ্গে টাইগার জানিয়েছেন, কোনো বিষয়কে কখনোই তিনি মেয়েলি বা পুরুষালি হিসেবে দেখতে চান না। তিনি বলেন, ‘আমার নাচকে কটাক্ষ করা মানে, মাইকেল জ্যাকসন, জেমস ব্রাউন আর হৃতিক রোশনের মতো তারকাদের কটাক্ষ করা।’
ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের অন্ধ ভক্ত তিনি। টাইগারের নাচে অনেকেই খুঁজে পান জ্যাকসনের ছায়া। টাইগারের কাছে অনেকেই জানতে চেয়েছেন, কোত্থেকে এমন নাচ ও মার্শাল আর্ট শিখেছেন তিনি। প্রশ্নটির জবাব দিতে গিয়ে টাইগারের মাথায় এল এক নতুন বুদ্ধি। ভারতীয় শিশুদের জন্য নাচ ও মার্শাল আর্টের একটি স্কুল খোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এখন পর্যন্ত মুক্তি পেয়েছে টাইগার শ্রফ অভিনীত তিন ছবি—‘হিরোপান্তি’, ‘বাগি’ ও ‘ফ্লাইং জাট’। ‘মুন্না মাইকেল’ মুক্তি পাবে ৭ জুলাই। এ ছাড়া ‘আধুরা’ ও ‘বাগি-টু’ ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। হিন্দুস্তান টাইমস