'টিউবলাইট'-এর অবস্থা ভালো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টিউবলাইট’-এ সালমান ও শিশুশিল্পী মাতিন
‘টিউবলাইট’-এ সালমান ও শিশুশিল্পী মাতিন

গত শুক্রবার মুক্তির পর থেকেই ‘টিউবলাইট’ চলছে খানিকটা ঝিমিয়ে ঝিমিয়ে। সত্যিকারের টিউবলাইটের মতোই সালমান খানের এবারের ছবিটি যে জ্বলেও জ্বলছে না। গত পাঁচ বছরে মুক্তি পাওয়া সালমানের ছবিগুলোর মধ্যে ‘টিউবলাইট’ এখন সবচেয়ে পিছিয়ে আছে। মুক্তির প্রথম দিন এটি আয় করেছে মাত্র ২১ কোটি ১৫ লাখ রুপি, যেখানে একই সপ্তাহে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতীয় নায়ক আল্লু অর্জুনের ছবি ‘দুভভাড়া’ আয় করেছে সালমানের চেয়ে বেশি (২৪ কোটি রুপি)।

ধারণা করা হচ্ছে, কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ জ্বলে উঠবে ঈদের ছুটিতে। কিন্তু সেই প্রত্যাশা কতখানি পূরণ হয়, তা নিয়ে সন্দেহ বলিউড বিশ্লেষকদের মনে।

মুক্তির প্রথম দিনে সালমানের ‘এক থা টাইগার’ (২০১২) আয় করছিল ৩২ কোটি ৯৩ লাখ রুপি, ‘কিক’ (২০১৪) ২৬ কোটি ২৪ লাখ রুপি, ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) ২৭ কোটি ২৫ লাখ, ‘সুলতান’ (২০১৬) ৩৬ কোটি ৫৪ লাখ রুপি। আর এবারের ‘টিউবলাইট’ এই তালিকার সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে।

‘টিউবলাইট’-এ সালমান ও শিশুশিল্পী মাতিন
‘টিউবলাইট’-এ সালমান ও শিশুশিল্পী মাতিন

ছবিটি দেখে যাঁরা প্রেক্ষাগৃহ থেকে বেরোচ্ছেন, তাঁরাই বলছেন, এটা নাকি ঠিক সাল্লু ঘরানার ছবি হয়নি। ছবিতে নেই কোনো অ্যাকশন, কোনো চোখধাঁধানো গান, নায়িকার সঙ্গে রোমান্স কিংবা সালমানের শার্ট খোলা শরীর! তা ছাড়া ছবির মূল প্রেক্ষাপটের অনেকটাই মিলে যায় ‘বজরঙ্গি ভাইজান’-এর সঙ্গে। তাই সেদিক থেকেও দর্শক নতুন স্বাদ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। ছবিটির আরেক প্রতিবন্ধকতা হলো, এটি হলিউড ‘লিটল বয়’-এর অনুকরণে তৈরি। সেটা জানার পর এবং দেখার পর অনেকেই ছবিটি দ্বিতীয়বার দেখার আগ্রহ হারাচ্ছে। তাই সব মিলিয়ে, প্রত্যাশা অনুযায়ী আলো ছড়াতে পারছে না ‘টিউবলাইট’। এখন জ্বলে ওঠার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কবির খান পরিচালিত এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস।