'টোটো' ড্রাইভার 'শাহেন শা'!

ঢাকায় এই তিন চাকার বাহনটিকে বলা হয় ‘ইজি’ বাইক। মাঝেমধ্যে চোখে পড়লেও এ শহরে এই যানটির চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু শহরের প্রান্তের অংশে এর দেখা মেলে নিয়মিতই। তবে, শহর কলকাতায় কিন্তু হরহামেশাই চলে এই যানটি, আর সেখানে এ যানটির নাম ‘টোটো’। টোটোকে নিয়ে অবশ্য এত ফিরিস্তির দরকার ছিল না; কিন্তু কলকাতায় এই কয়েকদিনে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের কল্যাণে রীতিমতো বিখ্যাতই হয়ে গেছে ‘টোটো’।
‘টোটো’র এই নতুন করে আলোচনায় আসার কারণ এটি সম্প্রতি বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাহন হয়েছে। সপ্তাহের শুরুতে কলকাতায় যখন ঘটনাটি ঘটে, সেসময় রীতিমতো পাড়া ভেঙেই যেন সবাই টোটো দেখতে এসেছিল। আদতে দেখতে এসেছিল অমিতাভ বচ্চনকেই। টোটো ছিল উপলক্ষ মাত্র।
সম্প্রতি বলিউডের ‘শাহেন শা’ বড়ে বচ্চন টুইটারে নিজেই এই টোটো সংবাদের ছবি পোস্ট করেছেন। কিন্তু কি এমন মন্দ দিন এসেছে যে পেটের দায়ে শেষপর্যন্ত টোটো চালানোর চাবিটিই হাতে নিতে হলো অমিতাভকে?

সেদিন দুপুর। হাওড়ার শালিমার স্টেশনে টোটো চালালেন অমিতাভ। নীল চেক শার্ট, চোখে চশমা। পরিচালক ঋভু দাশ গুপ্তের ‘তিন’ ছবির শুটিংয়ের অংশ হিসেবে। অবশ্য শুটিং এর পরে বিশ্রামের সময় নেহাত শখের বশেই যেন টোটো চালিয়ে ফেললেন ‘বিগ বি’।
এর আগে ‘পিকু’ ছবিতে শহরের পুরোনো এলাকা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সাইকেল চালিয়েছেন অমিতাভ। আর দিনকয়েক আগে এই ‘তিন’ ছবির জন্য নওয়াজ আমিনকে পেছনে বসিয়ে আদ্যিকালের এক মোটর বাইকও চালিয়েছেন।
শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই খবর জানিয়েছেন অমিতাভ। হেসে জানিয়েছেন, ‘কলকাতায় এসে কখনো সাইকেল, কখনো ‘ভটভটি’ চালিয়েছি। এবার টোটোও চালালাম। টুইটারে ছবি দিয়েছি। দেখবেন আশা করি।’ সংবাদ সম্মেলনে এও জানালেন, কলকাতা তার কতটা প্রিয়। মন খারাপ হলে চলে আসেন এ শহরে! এনডিটিভি। টাইমস আব ইন্ডিয়া।