'ট্রেলারে'র পর সন্তানদের পুরো ছবি দেখালেন করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমজ সন্তানদের ছবি প্রকাশ করলেন করণ জোহর। ফাইল ছবি
যমজ সন্তানদের ছবি প্রকাশ করলেন করণ জোহর। ফাইল ছবি

করণ জোহর খবরের শিরোনাম হন প্রায়ই। নিজের সৃষ্টির জন্য তো হনই, মাঝেমধ্যে বেফাঁস মন্তব্য করেও শিরোনাম হন। এ বছরের শুরুতে এই তারকা আলোচনায় এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। গত ফেব্রুয়ারিতে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ। অবিবাহিত এই তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জনক হয়ে বলিউডে তোলপাড় ফেলে দেন।

এরপর থেকেই জল্পনা-কল্পনা, কোন নারীর গর্ভে জন্ম নিল করণের যমজ সন্তানেরা, তারা দেখতেই-বা কেমন? ইন্টারনেটে দুই ছেলেমেয়ে যশ ও রুহির ভুয়া ছবিও ছড়িয়েছিল। এবার অবশ্য টুইটারে সন্তানদের ছবি প্রকাশ করলেন করণ নিজেই।

গত মাসে নিউইয়র্কে গিয়ে দুই সন্তানকে খুব মিস করছিলেন করণ। সে সময় বাচ্চাদের হাতের ছবি দিয়েছিলেন টুইটারে। এবার দিলের গোটা ছবিই। যেন ট্রেলারের পর সিনেমাটাই মুক্তি দিলেন বলিউডের জনপ্রিয় এই প্রযোজক ও পরিচালক।

করণের মা হিরু জোহরের কোলে করণের দুই সন্তান। ছবি: টুইটার
করণের মা হিরু জোহরের কোলে করণের দুই সন্তান। ছবি: টুইটার

ছবিটিতে দুই যমজকে কোলে নিয়ে আছেন তাদের দাদি হিরু জোহর। করণ ছবিটির ক্যাপশন দিয়েছেন, ‘আমার জীবনের ভালোবাসা...আমার মা ও সন্তানেরা।’

করণ তাঁর ছেলের নাম রেখেছেন প্রয়াত বাবা ও প্রযোজক যশ জোহরের নামে। আর মেয়ে রুহির নাম রেখেছেন মা হিরু জোহরের নাম উল্টো করে।

নিজের আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’-এ বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। ‘ভোগ’ ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় সন্তান লালনপালন নিয়েও লিখেছেন এই তারকা। সেখানে করণ লিখেছেন, তিনি চান, তাঁর সন্তানদের মুখ থেকে উচ্চারিত প্রথম শব্দটি হোক মালায়লাম ভাষায়। কারণ, করণের পূর্বপুরুষেরা সবাই কেরালার। দুই সন্তানের কানের কাছে তিনি নাকি সব সময় ‘পাপা...পাপা’ বলতে থাকেন। নতুন কোনো ছবি মুক্তির অপেক্ষার চেয়ে করণ এখন সন্তানদের মুখ থেকে বাবা ডাক শুনতেই অনেক বেশি অধীর। সূত্র: হিন্দুস্তান টাইমস।