'ট্র্যাজেডি কিং'-এর সঙ্গে 'ভক্ত' ধর্মেন্দ্রের ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মেন্দ্র ও দীলিপ কুমার
ধর্মেন্দ্র ও দীলিপ কুমার

বলিউডের ‘হি ম্যান’ খ্যাত তারকা ধর্মেন্দ্রের অসংখ্য ভক্ত। কিন্তু ‘শোলে’ ছবির জনপ্রিয় এই তারকা অভিনেতা যার অন্ধ ভক্ত, সে মানুষটির নাম জানতে নিশ্চয়ই আগ্রহ জাগছে। কে সেই মানুষ স্বয়ং ধর্মেন্দ্র যার অন্ধ ভক্ত! আন্দাজ করুন তো একবার। এবারের ঈদ ধর্মেন্দ্র তাঁর সঙ্গেই উদ্‌যাপন করেছেন।
বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ বলা হয় তাঁকে। ভারতের চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবেও স্বীকৃত কিংবদন্তি এই অভিনেতা। রুপালি পর্দায় তিনি কখনো ‘দেবদাস’, কখনো হয়েছেন মুঘল-ই-আজম ছবির ‘শেহজাদা সেলিম’। তাঁর নাম— মুহাম্মদ ইউসুফ খান, ভারতের চলচ্চিত্র জগতের মুকুটহীন সম্রাট ‘দিলীপ কুমার’।
এবারের ঈদ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র উদ্‌যাপন করেছেন তাঁর প্রিয় মানুষ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গেই। অবশ্য, বিষয়টা ঠিক এমন নয় যে, এবারই প্রথম বিশেষ কোনো দিন দিলীপ কুমারের সঙ্গে উদ্‌যাপন করলেন ধর্মেন্দ্র। এর আগেও এই বিখ্যাত অভিনেতার সঙ্গে বিশেষ দিনগুলো একসঙ্গে কাটিয়েছেন তিনি।
ঈদ বা জন্মদিনে ধর্মেন্দ্র চলে যান দিলীপ কুমারের বাড়িতে। সময় কাটান তাঁর সঙ্গে। এবারের ঈদে ধর্মেন্দ্র তাঁর স্ত্রী হেমা মালিনীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দিলীপ কুমারের বাড়িতে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে হেমা মালিনী একটি ছবিও পোস্ট করেছেন। সে ছবিতে দেখা যাচ্ছে— ধর্মেন্দ্র যত্ন করে খাবার মুখে তুলে খাওয়াচ্ছেন দিলীপ কুমারকে।

দীলিপ কুমার ও সায়রা বানু
দীলিপ কুমার ও সায়রা বানু

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্ম পাকিস্তানের পেশোয়ারের এক বনেদি মুসলিম পরিবারে। পরবর্তী সময়ে তিনি স্থায়ী হন ভারতে। ‘দিলীপ কুমার দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ নামের একটি আত্মজীবনীতে তাঁর জীবনের নানা তথ্য আর স্মৃতি তুলে ধরেছেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। সেই ১৯৬৬ সাল থেকেই জীবনসঙ্গী হয়ে তাঁর পাশে আছেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী সায়রা বানু।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে দিলীপ কুমার তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুপালি পর্দায়। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’ এর ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে অভিনয়ে আসেন দিলীপ কুমার। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯১ সালে ভারত সরকার তাঁকে সম্মানিত করে ‘পদ্মভূষণ’ খেতাবে। তিনি ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পান ১৯৯৪ সালে। ১৯৯৮ সালে পাকিস্তান সরকার তাঁকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-ইমতিয়াজ’ এ ভূষিত করে।
অভিনয়ের পাশাপাশি ভারত ও পাকিস্তান এই দুই দেশের মানুষের একতা তৈরির ক্ষেত্রেও কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার রেকর্ডও তাঁর। ১৯৯৩ সালে পেয়েছেন ফিল্মফেয়ারের ‘আজীবন সম্মাননা’। একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার পাওয়ার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠেছে। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি। উইকিপিডিয়া।