'ডিয়ার জিন্দেগি' কি নকল?

গৌরি শিন্ডের ডিয়ার জিন্দেগি ছবিটি মাত্র ৯ দিনে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। ছবির গল্পও অনেক প্রশংসিত হয়েছে। কিন্তু সেই ছবির বিরুদ্ধেই সম্প্রতি আনা হয়েছে নকল করার অভিযোগ। অভিযোগে বলা হচ্ছে, কানাডার একটি টিভি সিরিজ থেকে ডিয়ার জিন্দেগি নকল করা হয়েছে।
শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত এই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন। যার বর্তমান স্বত্বাধিকারী নির্মাতা করন জোহর। এর আগেও প্রতিষ্ঠানটি অনুমতি নিয়ে দুটি বিদেশি সিনেমার হিন্দি সংস্করণ নির্মাণ করেছিল। কিন্তু ৩৭ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান এবারই প্রথম নকল করার দায়ে আইনি নোটিশ পেল। ‘বিং এরিকা’ নামের একটি কানাডীয় টিভি সিরিজের সঙ্গে ডিয়ার জিন্দেগির কাহিনি মিলে গেছে বলে অভিযোগ করছে সেই সিরিজ কর্তৃপক্ষ।
গৌরি শিন্ডে অবশ্য এক কথায় জানিয়ে দিয়েছেন, তিনি এত বোকা নন যে অন্যের ছবি নকল করবেন। ডিয়ার জিন্দেগি সিনেমায় শাহরুখ খান আলিয়ার থেরাপিস্টের চরিত্রে অভিনয় করেছেন। ছবি নকল করার অভিযোগটি নিয়ে গৌরি বলেন, ‘ডিয়ার জিন্দেগি নকল ছবি নয়। এই ছবি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি। অন্য কোনো ছবির সঙ্গে এর কিছু অংশ মিলে যেতেই পারে। কোনো ছবিতে একজন তরুণী ও মনোবিদ থাকার মানেই এই নয় সেই ছবি থেকে আমি নকল করে ছবি বানিয়েছি।’
কানাডার সেই টিভি সিরিজ কখনো দেখেননি বলেও দাবি করেন গৌরি। আর ধর্ম প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অপূর্ব মেহতা আইনি নোটিশ পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এই খবর সত্যি নয়, আমরা কোনো আইনি নোটিশ পাইনি।’ এনডিটিভি।