'ডিয়ার জিন্দেগি'তে থাকছেন আলী জাফর

গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’তে আলী জাফরের থাকা না–থাকা নিয়ে রটেছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল, পাকিস্তানি বলে আলীকে এই ছবি থেকে বাদ দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে ‘মারদানি’ ছবির অভিনেতা তাহির রাজ ভাসিনকে নেওয়া হবে বলেও শোনা যাচ্ছিল। অবশেষে এই গুজবটির খোলাসা হলো। আলী থাকছেন এই ছবিতে।
সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র নায়িকা আলিয়া ভাটের সঙ্গে তাহিরকে এই ছবির একটি প্রচারমূলক গানে শুটিং করতে দেখা যায়। এরপর থেকেই মূলত গুঞ্জনের শুরু। অনেকে তখন ভেবে নিয়েছিলেন, মুক্তিসংক্রান্ত জটিলতা এড়াতে পাকিস্তানি অভিনেতা আলী জাফরকে এই ছবি থেকে বাদ দেওয়া হতে পারে।
পরে ছবির একটি সূত্র জানায়, আলী জাফর এই গানে না থাকলেও সিনেমাতে তিনি ঠিকই আছেন। অবশ্য তাহিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারতের একটি রাজনৈতিক দল বলিউড থেকে পাকিস্তানি সব শিল্পীকে নিষিদ্ধ করেছে। ইতিমধ্যে চুক্তি বা শুটিং সম্পন্ন হয়েছে, এমন যেসব ছবিতে পাকিস্তানি তারকা আছে, সেসব ছবি মুক্তির জন্য জরিমানা হিসেবে দিতে হবে পাঁচ কোটি রুপি।
এই নিয়মে শুক্রবার মুক্তি পেল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাওয়ার কথা নভেম্বরের ২৫ তারিখে। এনডিটিভি