'ডিয়ার জিন্দেগি'র পোস্টার

নিজেদের নতুন ছবির প্রচার চালিয়ে যাচ্ছেন আলিয়া ভাট ও শাহরুখ খান। গৌরী শিন্ড পরিচালিত সেই ছবি ‘ডিয়ার জিন্দেগি’র প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার খুদে ব্লগ টুইটারে পোস্টারটির একটি ছবি পোস্ট করেন।
ছবির পোস্টারে আলিয়া আর শাহরুখকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে। আলিয়ার পরনে হালকা গোলাপি রঙের টপ ও জিনস। আর শাহরুখের গায়ে সবুজ রঙের শার্ট ও জিনস্। পোস্টারে বলা হয়েছে ‘জীবন একটি ভ্রমণ, এখানে তোমাকে চলমান থাকতে হবে।’ গতকাল দিনজুড়ে উক্তিটি বেশ আলোচিত হয়েছে টুইটারে। এদিকে প্রচারণা হিসেবে ছবি থেকে টুকরো টুকরো ভিডিও নিয়ে টুইটারে তুলে দিচ্ছেন ছবির দুই অভিনেতা-অভিনেত্রী শাহরুখ-আলিয়া। ছবিতে আলিয়ার পরামর্শদাতার চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, কুনাল কাপুর, অঙ্গদ বেদি ও আলি জাফর। আগামী মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। ইন্ডিয়া টুডে।