'তুম বিন' আসছে ১৪ বছর পর!
বলিউডের ‘তুম বিন’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। এ ছবির ‘ছোটি ছোটি রাতে’, ‘তুম বিন জীয়া যায়ে ক্যায়সে’ গানগুলির কথা নিশ্চয় অনেকেরই মনে আছে। সে সময়ের দারুণ জনপ্রিয় এই প্রেমের ছবিতে অভিনয় করেছিলেন এক ঝাঁক নতুন মুখ। নায়িকা সান্দালি সিনহার সঙ্গে ছিলেন তিন নায়ক প্রিয়াংশু চ্যাটার্জি, হিমাংশু মালিক এবং রাকেশ। দীর্ঘ ১৪ বছর পর এ ছবির সিকুয়াল নির্মাণ করতে যাচ্ছেন অনুভব সিং।
‘গুলাব গ্যাং’ খ্যাত নির্মাতা অনুভব সিং সম্প্রতি এ ছবির সিকুয়াল নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, ‘তুম বিন’ ছবির ভক্তরাই নাকি তাঁকে দ্বিতীয়বার এটি তৈরির ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন।
অনুভব বলেছেন, ‘তুম বিন’ ছবির ভক্তরা আমাকে সব সময় এ ছবির সিকুয়াল নির্মাণের কথা বলে আসছিল, কিন্তু আমার কাছে কোনো ভালো গল্প ছিল না বলেই এ নিয়ে এত দিন কাজ করা হয়নি। বিগত পাঁচ ছয় বছরে দর্শকের মধ্যে এই ছবির সিকুয়াল নিয়ে আগ্রহ আরও বাড়তে দেখেছি। তিনি এও বলেন, এ ছাড়া, আমার পার্টনার ভূষণ কুমারেরও এ ব্যাপারে আগ্রহ ছিল।’
অনুভব আরও বলেন, ‘এখন আমি মনের মতো একটি প্রেমের গল্প পেয়েছি, তাই এটি বানানোর সিদ্ধান্ত নিলাম। অনেক দিন ধরেই রোমান্টিক কোনো ছবির কাজ করিনি, এখন এটি করার জন্য মুখিয়ে আছি।’
‘তুম বিন’ ছবির সিকুয়্যালে পুরোনো শিল্পীরাই থাকবেন, নাকি নতুন তারকা নিয়ে কাজটি করা হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে সামনের বছর ফেব্রুয়ারিতেই এই ছবির কাজ শুরু করার কথা। এনডিটিভি।