'দঙ্গল' দেখে মুগ্ধ করণ

বড়দিনে মুক্তি পাবে এ বছরের বহুপ্রতীক্ষিত ছবি ‘দঙ্গল’। আমির খান অভিনীত এই ছবিটি প্রযোজনা করেছেন তাঁর স্ত্রী কিরণ রাও। ঘরনিই যেহেতু ছবির প্রযোজক, তাই মুক্তির আগেই কাছের কয়েকজন বন্ধুকে সিনেমাটি দেখিয়েছেন আমির।
সম্প্রতি আমির ও কিরণের বাড়িতে তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উদ্দেশ্য, একসঙ্গে বসে ‘দঙ্গল’ দেখা। ছবিটি দেখার পর আজ সোমবার টুইটারে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন নির্মাতা করণ জোহর।
তিনি লিখেছেন, ‘মাত্রই “দঙ্গল” দেখলাম। গত এক দশকে এর চেয়ে ভালো ছবি আর দেখিনি। আমি মুগ্ধ।’
এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে করণ পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এটিও বছরের অন্যতম আলোচিত ছবি। যে সময় নিজের ছবির প্রচার করার কথা, সে সময় করণ কিনা আমিরের ছবির ভূয়সী প্রশংসা করে বেড়াচ্ছেন?
অবশ্য করণই প্রথম নন। এর আগে অভিনেত্রী শাবানা আজমির জন্মদিন উপলক্ষে তাঁর জন্য আমির খান এই ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। সিনেমা দেখে শাবানা মন্তব্য করেন, ‘দঙ্গল’ দেখতে পারা তাঁর জন্য জন্মদিনে পাওয়া সেরা উপহার।
রোববার রাতে আমিরের বাড়িতে এই ছবিটি দেখতে গিয়েছিলেন করণ জোহর, পরিচালক অয়ন মুখার্জি, জোয়া আখতার, অভিনেতা কুনাল কাপুর ও তাঁর স্ত্রী নায়না।
এ ছাড়া এসেছিলেন ফাতেমা সানাহ শেখ ও সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’-এ এই দুজন আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। টাইমস অব ইন্ডিয়া।