'দর্শকের মুখের হাসি আমার সেরা প্রাপ্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃতী শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম
কৃতী শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম

১৮ আগস্ট মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘বরেলি কি বরফি’। বক্স অফিসে এই ছবির সাফল্যের পর ‘বরেলি’ কন্যা কৃতী শ্যাননের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। ছোট্ট এই আড্ডার শর্ত ছিল—শুধু কৃতীর ছবি নিয়েই কথা হবে, অন্য কিছু নয়। শর্ত মেনেই নেওয়া হয়েছে এই সাক্ষাৎকার। তবে আলাপের মাঝে এসেছে কৃতীর ফ্যাশন ও প্রিয় খাবারের প্রসঙ্গও।

‘বরেলি কি বরফি’ ছবির পোস্টার
‘বরেলি কি বরফি’ ছবির পোস্টার

বরেলির বরফি খেয়েছেন?
হা হা হা (সশব্দে হেসে), না। তবে আমি চকলেট খেতে ভালোবাসি। চকলেট ফ্লেভারের যেকোনো খাবার আমার পছন্দের। এ ছাড়া ক্যারামেল কাস্টার্ড, চিজ কেক, মুগডালের লাড্ডু অথবা হালুয়া দারুণ লাগে।

আপনাকে সব সময় চটকদার চরিত্রে দেখা যায়। ‘বরেলি কি বরফি’ ছবিতে আপনার চরিত্রটি ছিল আলাদা রকম। কী রকম লাগল বরেলির ‘বিট্টি শর্মা’কে?
বরেলির বিট্টি খুবই মজার এক চরিত্র। একদম ভিন্ন রকম। ছোট শহরের মেয়ে হয়েও বিট্টি আধুনিক মানসিকতার। সে ইংরেজি ছবি দেখে। আরও অনেক কিছু করে। সবচেয়ে বড় কথা, এ ধরনের চরিত্রগুলো সাধারণত একটু জোরালো হয়। কিন্তু বিট্টি এখানে ভীষণ সমঝদার এক মেয়ে। বিট্টি একদিকে মজাদার, অন্যদিকে সমঝদার। আমার মনে হয়, তাঁর চরিত্রের এই দুটি দিক তাঁকে একদম আলাদা করে তুলেছে। সত্যি বলতে, আমার দারুণ লেগেছে এ ধরনের চরিত্রে অভিনয় করে।

‘রাবতা’র অসফলতার পর ‘বরেলি কি বরফি’র মিষ্টি সুবাসে চারদিক সুবাসিত। এ বিষয়টি কেমন উপভোগ করছেন?
ধন্যবাদ। নিশ্চয় দারুণ লাগছে। সবাই তো বেশ প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভালো ভালো মন্তব্য পাচ্ছি। সবাই পরিবারের সঙ্গে আমার নতুন ছবিটি দেখতে যাচ্ছে। ছবির সব চরিত্রই দর্শকদের আনন্দ দিয়েছে। সমালোচকেরাও রেটিং ভালোই দিয়েছেন। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে ‘বরেলি কি বরফি’। সব মিলিয়েই আমার খুব ভালো লাগছে।

কৃতী শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম
কৃতী শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম

এখন পর্যন্ত পাওয়া সেরা প্রশংসা কোনটি?
না, সে রকম কিছু নেই। সবার সব প্রশংসাই আমার কাছে সেরা। বলা যায়, দর্শকের মুখের হাসি আমার সেরা প্রাপ্তি।

কী আশা করেছেন? ‘বরেলি কি বরফি’ এক শ কোটি ক্লাবের সদস্য হতে পারবে?
না না, এত চাপ কে নেবে? তবে হ্যাঁ, বক্স অফিসে ধরা পড়ে দর্শকের প্রতিক্রিয়া। আমি শুধু এটুকু আশা করি, সবাই যেন পরিবারের সঙ্গে ‘বরেলি কি বরফি’ দেখতে যান। চাই ছবিটি সবাই উপভোগ করুক।

আপনার সহ-অভিনেতা রাজকুমার রাও ও আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
তাঁরা দুজনই দুর্দান্ত অভিনেতা। আমরা খুব মজা করে কাজ করেছি।

এবার আয়োজিত ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর মঞ্চে তো রীতিমতো ঝড় তুললেন। আপনার ‘ফ্যাশন স্টেটমেন্ট’ কী?
ফ্যাশন দুনিয়ায় স্থিরতা বলে কিছু নেই। এই দুনিয়ায় নতুন নতুন ধারা আসতেই থাকে। আমিও সেই পথে হাঁটি। তবে অনেক ক্ষেত্রে নিজের মুডের ওপর নির্ভর করে কেমন পোশাক পরব বা কীভাবে সাজব। তবে সবচেয়ে বড় কথা, পোশাকটি আরামদায়ক হওয়া চাই। আমি সব সময় আরামদায়ক পোশাক পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।