'দাদা সাহেব ফালকে' সম্মাননা পাচ্ছেন মনোজ কুমার

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা মনোজ কুমার। ভারতের চলচ্চিত্রে গত শতকের ষাট ও সত্তর দশকে নিরঙ্কুশ আধিপত্য ছিল বলিউডের এই তারকার। বলিউডে তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত। দেশাত্মবোধক বা দেশপ্রেমমূলক ছবি তৈরিতে জুড়ি নেই মনোজ কুমারের।
লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, অনুপ জালোটা, রুনা লায়লাসহ পাঁচ সদস্যের জুরি বোর্ড এ বছরের ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারের জন্য মনোজ কুমারকে মনোনীত করে।
এ খবরে দারুণ খুশি মনোজ কুমার। তিনি বলেছেন, ‘খবরটি আমাকে ফোন করে জানাতে চেয়েছিলেন পরিচালক অশোক পণ্ডিত। তখন আমি ঘুমাচ্ছিলাম। পরে টিভির পর্দায় দেখার পর অবাক হয়েছি।’
মনোজ কুমারের বয়স এখন ৭৮ বছর। মনোজ কুমারের জন্ম পাকিস্তানের অ্যাবোটাবাদে ১৯৩৭ সালে। আসল নাম হরিকিষেণ গিরি গোস্বামী। ছোটবেলা থেকেই মনোজ কুমার ছিলেন অভিনেতা দিলীপ কুমারের ভক্ত। ‘শবনম’ ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ‘মনোজ কুমার’। এরপর তিনি নিজের নাম পাল্টিয়ে মনোজ কুমার রাখেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগানের ওপর ভিত্তি করে মনোজ কুমারকে একটি ছবি বানাতে বলেন। এরপর মনোজ কুমার ‘উপকার’ ছবিটি নির্মাণ করেন। ওই ছবিতে মনোজ কুমার একজন কৃষক ও সেনার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন।
মনোজ কুমারের প্রথম ছবি ‘ফ্যাশন’ মুক্তি পায় ১৯৫৭ সালে। মনোজ কুমার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘কাচ কি গুড়িয়া’, ‘হরিয়ালি অউর রাস্তা’, ‘ক্রান্তি’, ‘দো বদন’, ‘শোর ও কৌন থি’, ‘উপকার’, ‘পুরব অউর পশ্চিম’, ‘শহীদ’. ‘রোটি কাপড়া অউর মকান’, ‘নীল কমল’, ‘পাত্থর কে সনম’ ইত্যাদি। ভারতের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার এর আগে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন।