'দাবাং থ্রি' নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষি সিনহা
সোনাক্ষি সিনহা

‘দাবাং থ্রি’তে সোনাক্ষী সিনহা আছেন, নাকি নেই? এমন গুঞ্জনে মুখর ছিল বলিউডপাড়া। এবার ‘দাবাং থ্রি’ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা। শুধু তা–ই নয় ‘দাবাং থ্রি’ নিয়ে একরাশ মুগ্ধতাও ছড়ালেন তিনি। 

সোনাক্ষী বলেন, তিনি সব সময়ই এই ছবির জন্য কৃতজ্ঞ থাকবেন। কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে সোনাক্ষী ‘দাবাং থ্রি’-তে অভিনয় করবেন না। যখন তাঁর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি বলেছিলেন, ছবির পাণ্ডুলিপি এখনো তৈরি হয়নি।
তবে এখন তিনি ছবিটি নিয়ে বলেছেন, ‘আমার বর্তমানের এই অবস্থান “দাবাং”-এর কারণেই। “দাবাং” দিয়ে আমাকে সবাই চেনে। এটা আমার প্রথম ছবি। সুতরাং আমি সব সময় এই ছবির জন্য কৃতজ্ঞ। এমনকি ছবির নির্মতা-প্রযোজকেরা যদি আমাকে এই ছবিতে অতিথি চরিত্র হিসেবে নিতে চান, তবুও আমি অভিনয় করব।’
‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবিটি নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলছি, এখন ছবিটির পাণ্ডুলিপি নিয়ে কাজ চলছে। তবে রাজ্জো (সোনাক্ষী অভিনীত চরিত্র) রাজ্জোর মতোই থাকবে। আপনি হঠাৎ করেই চরিত্র পরিবর্তন করতে পারবেন না।’
ছবিটিতে তাঁর থাকা নিয়ে গুঞ্জন করতে সোনাক্ষী নিষেধ করেছেন। তিনি আরও বলেন, ‘যেহেতু পাণ্ডুলিপি পুরোপুরি প্রস্তুত হয়নি, তাই এটা নিয়ে কথাবার্তা বলা যাচ্ছে না। এটা নিয়ে ফিসফিসানি বন্ধ করুন। পাণ্ডুলিপি প্রস্তুত হলে আরবাজ খান (ছবির নির্মাতা) বিস্তারিত ঘোষণা করবেন।’
২০১৭ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে। মিড ডে।