'দিন শেষে আমি একজন মানুষ', বললেন সানি লিওনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সন্তান, স্বামী নিয়ে
তিন সন্তান, স্বামী নিয়ে

করেনজিৎ কৌর। চিনলেন না তো? তিনি সানি লিওনির আড়ালের আসল মানুষটা। পাশের বাড়ির নিষ্পাপ, সরল–সোজা মিষ্টি মেয়ে করেনজিৎ কৌর থেকে একজন সানি লিওনির যাত্রার পুরোটা উঠে এসেছে তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ওয়েব সিরিজে। ‘জি ৫’ অরিজিনালসের সেই ওয়েব সিরিজের নাম ‘করেনজিৎ কৌর—দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’।

১৯৮১ সালের ১৩ মে মধ্যবিত্ত শিখ পরিবারে জন্মেছিলেন করেনজিৎ কৌর। তাঁর বাবা জন্মেছিলেন ভারতের তিব্বতে, মা হিমাচল প্রদেশে আর তিনি কানাডায়। তিনি নার্সিং পড়তে পড়তে সিদ্ধান্ত নেন, অন্য কিছু করবেন। সেই অন্য কিছু যে এতটাই ভিন্ন, তা কে ভেবেছিল! ২০০৩ সালে তাঁকে পেন্টহাউস পেট অব দ্য ইয়ার বানানো হয়। তিনি ভিভিড এন্টারটেইনমেন্টের হয়ে চুক্তিভিত্তিক কাজ করতেন। ২০১০ সালে ‘ম্যাক্সিম’ ম্যাগাজিন বিশ্বের সেরা পর্নো স্টারের তালিকায় স্থান দেয় সানি লিওনিকে।

এর পরের বছর, অর্থাৎ ২০১১ সালে তিনি বিগ বসের পঞ্চম আসরে অংশ নেন। ২০১২ সালে তিনি পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ দিয়ে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘রাগিনী এমএমএস টু’, ‘মাস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘তেরা ইন্তেজার’ প্রভৃতি ছবি দিয়ে বলিউডের অভিনয়শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করান। তবে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘রইস’ ছবিতে ‘লাইলা মে লাইলা’ গানে বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে। তা ছাড়া, ‘বেবি ডল’, ‘পিংক লিপস’ প্রভৃতি গানের দৃশ্যও তাঁকে বলিউডে প্রতিষ্ঠা পেতে বেশ সহায়তা করেছে।
‘করেনজিৎ কৌর—দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’। জীবনীভিত্তিক এই সিরিজে দেখা যায়, করেনজিৎ কৌরের সানি লিওনি হওয়ার দিনগুলোর সংগ্রাম। আদিত্য দত্তের পরিচালনায় ওয়েব সিরিজটিতে উঠে এসেছে তাঁর মায়ের মৃত্যু, বাবার ক্যানসারের সঙ্গে যুদ্ধ, ব্যবসায়ী, অভিনয়শিল্পী ও গিটারিস্ট ডেনিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের দিনগুলোও।

সানি লিওনি জন্মেছিলেন কানাডায়
সানি লিওনি জন্মেছিলেন কানাডায়

সম্প্রতি এই বলিউড তারকা ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর জীবন–জীবিকা আর জীবনভিত্তিক ওয়েব সিরিজ নিয়ে। বলেছেন, ‘আমাদের অতীত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।’ ওয়েব সিরিজ বানালে কি তাঁদের মতো নারীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে? সানি লিওনি জবাব দেন, ‘মানুষের দৃষ্টিভঙ্গি সহজে বদলায় না। আর মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর উদ্দেশে আমি এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হইনি। এই ওয়েব সিরিজের স্ক্রিপ্ট কেবল একজন পর্নো স্টারের ওপর না, তাঁর জীবনের ওপর, সংগ্রামের ওপর। এই সিরিজের গভীরতা আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি এখানে কাজ করেছি।’

সানি লিওনি খুব কমই তাঁর বাবা আর মায়ের ছবি দেখেন। কারণ, তাঁদেরকে দেখলে তাঁর কেবল অতীতের কথা মনে পড়ে। মা–বাবাকে প্রচণ্ড মিস করেন এই বলিউড তারকা। তাঁর ভাষায়, ‘এই ওয়েব সিরিজে যখন আমার বাবা আর মায়ের চরিত্রের অভিনয়শিল্পীরা আমার মা–বাবার মতোই কথা বলেন, আদর করেন, শাসন করেন, আমার জন্য সবকিছু কেমন কঠিন হয়ে যায়। কিন্তু আমি আমার জীবনের সত্যিটাকে সামনে আনতে চেয়েছি।’

সানি লিওনি জানান, এই ওয়েব সিরিজে যতবার তাঁকে কাঁদতে দেখা যায়, সেগুলো সত্যি ছিল। এমনকি এই ওয়েব সিরিজের দলকে যখন তিনি নিজের জীবনের গল্প শুনিয়েছেন, তখনো কেঁদেছেন। এই ওয়েব সিরিজ দেখে একজন নারী, যিনি সম্প্রতি মা–বাবাকে হারিয়েছেন, তিনি সানি লিওনিকে জানিয়েছেন, তিনি তাঁর কষ্ট বোঝেন। এটা শুনে সানি লিওনি শিহরিত হয়েছেন। তাঁর মায়ের সৎকারের দিন প্রথমবারের মতো তাঁর স্বামী ডেনিয়েল ওয়েবার তাঁর মাকে দেখেন। সেই প্রথম, সেই শেষ। সেদিনই তাঁর স্বামী তাঁর বাবার সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন।

২০১২ সালে তিনি পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ দিয়ে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন
২০১২ সালে তিনি পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ দিয়ে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন

অনেক সংগ্রাম করেও সানি ক্যানসারের হাত থেকে রক্ষা করতে পারেননি তাঁর বাবাকে। সময় ভালো যাচ্ছিল না তাঁর। সানির ভাষায়, ‘সে সময় ডেনিয়েল এমনভাবে আমার জীবনে এল, যেন স্বয়ং সৃষ্টিকর্তা তাঁকে পাঠিয়েছেন। আমাকে বাঁচিয়ে তোলার জন্য। যে আমার হৃদয়ের ভেঙে যাওয়া টুকরোগুলো খুব যত্ন করে জোড়া লাগিয়েছিল।’

ট্রলের এই যুগে নিজেকে কীভাবে সামলে রাখেন? সানির উত্তর দেন কিছুটা পেছন থেকে। বলেন, ‘এমন সময় ছিল, যখন সাংবাদিকেরা খুব ভদ্র আর মার্জিতভাবে আমার সাক্ষাৎকার নিত। জীবন, দর্শন নিয়ে প্রশ্ন করত। কিন্তু পত্রিকা, ম্যাগ্যাজিন খুলে দেখতাম, রসিয়ে রসিয়ে যা খুশি তা–ই লিখেছে। হ্যাঁ, সেসব পড়ে আমার খারাপ লাগত। দিন শেষে আমি একজন মানুষ। রোবট নই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সক্রিয় নই। তবে খারাপ কিছু চোখে পড়লে আমি তাঁকে ব্লক করে দিই। আমি আমার কাজের সমালোচনাকে খুব ইতিবাচকভাবে নিই। তবে ব্যক্তিগত নোংরা আক্রমণ ঘৃণা করি।’

তিন সন্তানের মা সানির মতে, মাতৃত্ব তাঁকে বদলে দিয়েছে অনেকটাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিশা (৪), নোয়া (১) আর আশারের (১) হাসিমুখ দেখেন, সেই অনুভূতি নাকি স্বর্গীয়। তাঁরা সন্তানের সবকিছুই ভালোবাসেন। ডায়াপার বদলানো থেকে শুরু করে খাওয়ানো, ঘুম পাড়ানো—সবই। যদিও নিশাকে তাঁরা দত্তক নিয়েছিলেন মহারাষ্ট্র থেকে। নোয়া আর আশার তাঁদের যমজ সন্তান। সরোগেসি পদ্ধতিতে তারা পৃথিবীর আলো দেখেছে।

তবে এই তিন সন্তানের বাইরেও আরও কিছু আছে, যাকে তিনি সন্তানের মতোই ভালোবাসেন। সেটা বলিউড!