'দিন শেষে কঙ্গনাও একজন মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক অশ্বিনী আইয়ার তিউয়ারি ও কঙ্গনা রনৌত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের দিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
পরিচালক অশ্বিনী আইয়ার তিউয়ারি ও কঙ্গনা রনৌত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের দিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০১৮ সালের ঝাঁসির রানি যে আগামী বছর কাবাডি খেলোয়াড় হবেন, তা জানা গেছে আগেই। কঙ্গনা রনৌতের পরবর্তী ছবি ‘পাঙ্গা’ মুক্তি পাচ্ছে নতুন বছরের ২৪ জানুয়ারি। ছবি মুক্তির দিনকে সামনে রেখে শুরু হয়ে গেছে প্রচারণা। ‘পাঙ্গা’ ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিউয়ারি ও মূল অভিনয়শিল্পী কঙ্গনা রনৌত দুজনে হাতে হাত মিলিয়ে চালাচ্ছেন প্রচারণা। আবারও বড় পর্দায় কঙ্গনা ভাঙবেন নারীর প্রথাগত প্রতিকৃতি।

বলিউড ইন্ডাস্ট্রির বেশির ভাগ মানুষেরই চক্ষুশূল কঙ্গনা রনৌত। তাঁকে নিয়ে একের পর এক বিতর্ক লেগেই আছে। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, নাকি তিনি বিতর্কের পিছু ছাড়েন না, সেটিই একটা বিতর্কের বিষয়। সম্প্রতি পরিচালক অশ্বিনী আইয়ার তিউয়ারি তাঁর এই নায়িকাকে নিয়ে বললেন অন্য কথা। কঙ্গনার বিষয়ে ভূয়সী প্রশংসা ঝরে পড়ে এই পরিচালকের কণ্ঠে।

‘পাঙ্গা’ ছবির ফার্স্ট লুকে কঙ্গনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘পাঙ্গা’ ছবির ফার্স্ট লুকে কঙ্গনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সম্প্রতি ভারতের জনপ্রিয় একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিচালক বলেন, ‘প্রায় দুই বছর ধরে নির্মিত হচ্ছে “পাঙ্গা”। এই দুই বছরে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর আমার মনে হয়, কঙ্গনা রনৌত এমন একজন মানুষ, তিনি যদি কাউকে একবার ভালোবাসেন, সারা জীবন ধরে তিনি সেই মানুষটার খেয়াল রাখেন।’

গত দুই বছর একসঙ্গে পথচলায় দুজনে দুজনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই সব অভিজ্ঞতার বিষয়ে অশ্বিনী বলেন, ‘এমন সময় এসেছে, যখন কঙ্গনা ভেতর থেকে একদম ভেঙে পড়েছেন। কান্নায় মুষড়ে পড়েছেন। আমি আমার জায়গা থেকে তাঁকে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। সবাই মিলে যদি একজন মানুষকে নিয়ে প্রতিনিয়ত আপত্তিকর মন্তব্য করতেই থাকে, কতক্ষণ আর শক্ত থাকা যায়? দিন শেষে তিনিও তো একজন মানুষ।’

আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘পাঙ্গা’। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘পাঙ্গা’। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘পাঙ্গা’ ছবিতে কঙ্গনাকে দেখা গেছে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায়। তাই ওজন বাড়াতে আর পেশি বানাতে হয়েছে কঙ্গনাকে। অশ্বিনীর ভাষায়, ‘কঙ্গনার শারীরিক কাঠামো এমন যে অনেক ওজন না বাড়ালে ঠিক চোখে পড়ে না। আবার কিছু দৃশ্যের জন্য কমাতে হয়েছে। পরের ছবি “থালাইভি”র জন্য আবার ওজন বাড়াতে হয়েছে। আমি জানি না তিনি তা কীভাবে করেছেন। একবার ওজন ঝরাতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে।’

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘পাঙ্গা’ ছবির ফার্স্ট লুক। সেখানে কঙ্গনা রনৌতকে দেখা গেছে পাশের বাসার নতুন ভাড়াটে আন্টির মতো। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র পর আবার কঙ্গনা রনৌতকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়। এই ছবিতে জেসি গিল, নীনা গুপ্তা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠি ছাড়া আরও অভিনয় করেছেন ৩০ জন পেশাদার কাবাডি খেলোয়াড়।

‘পাঙ্গা’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘পাঙ্গা’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘পাঙ্গা’ ছাড়া কঙ্গনাকে আরও দেখা যাবে ‘থালাইভি’ ও ‘ধকড়’ ছবিতে।