'দিলওয়ালে' নিয়ে উচ্ছ্বসিত প্রীতম

শাহরুখ-কাজল জুটি হিসেবে খুব বেশি ছবিতে কাজ করেননি। তবে, যে সব ছবিতে তাঁরা জুটি হয়ে অভিনয় করেছেন সবগুলো ছবিই আলোচিত এবং সেসব ছবির গানগুলোও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার এই জুটির জন্য দুটি প্রেমের গান তৈরি করেছেন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী।
রোহিত শেঠি ‘দিলওয়ালে’ ছবির দুইটি গানের সংগীতায়োজন করেছেন প্রীতম।
‘আমি কোনো চাপের মধ্যে নেই। যেহেতু এই প্রথম আমি শাহরুখের সঙ্গে কাজ করছি তাই এই কাজটি আমার জন্য একটু আলাদা। আমি তাঁকে বলেছিলাম যে, আমি তাঁর অভিনীত একটি ছবির জন্য সংগীত পরিচালনা করতে চাই।’ সম্প্রতি মুম্বাইয়ে ‘দিলওয়ালে’ ছবির ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রীতম।
তিনি আরও বলেন, ‘যদিও এর আগে ‘বিল্লু বারবার’ ছবিতে আমি সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেছিলাম কিন্তু সেই ছবিতে শাহরুখ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ-কাজল জুটির জন্য রোমান্টিক গান নির্মাণ করার বিষয়টা যেকোনো সংগীত পরিচালকের জন্যই আশীর্বাদস্বরূপ। তাঁদের জন্য দুটি গান তৈরি করতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত বোধ করছি।’
‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ খান এবং কাজল ছাড়াও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, জনি লিভার, বোমান ইরানি, কবির বেদি এবং বিনোদ খান্না। ইন্ডিয়ান এক্সপ্রেস।