'দিল্লি এখনো দূরে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল আসতে দেরি হবে
‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল আসতে দেরি হবে

‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল বানানোর আইডিয়া এ ছবির অভিনেতা আমির খান নির্মাতা রাজকুমার হিরানিকে জানালেও তিনি এখন ব্যস্ত সঞ্জয় দত্তের ‘বায়োপিক’ নিয়ে। ছবি বানানোর জন্য যে সময় লাগবে, সেই ফুরসতও এখন রাজকুমার হিরানির নেই। কাজেই আমির খান ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়ালের আইডিয়া হিরানিকে জানালেও, এ ছবি কবে হবে? এমন প্রশ্নের উত্তরে রাজকুমার হিরানি বলতেই পারেন সেই বিখ্যাত বচন—‘দিল্লি হনুজ দূর অস্ত’। যার বাংলা করলে দাঁড়ায় ‘দিল্লি এখনো দূরে’।

বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল নির্মাণের কথা উঠলেও আদতেই এর বাস্তবতা হচ্ছে—এখনো এ ছবি নির্মাণের বিষয়টা ভালো করে তাঁর মাথায় ঢোকাতেই পারেননি হিরানি।
‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ এই দুই ছবিতেই রাজকুমার হিরানির সঙ্গে আমির খান ছিলেন। এখনো এই দুজনের বোঝাপড়াটা চমৎকার। কাজেই ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল রাজকুমার হিরানি বানাবেন এটা ঠিক, কিন্তু কবে? এই প্রশ্নের একমাত্র উত্তর সেই বিখ্যাত উক্তি।
যদিও এর আগে একবার কথা প্রসঙ্গে হিরানি জানিয়েছিলেন যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন। কিন্তু এই নির্মাতা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়ালের আগে ‘পিকে’ ছবির সিক্যুয়ালের কাজে হাত দেবেন।
যা হোক, সবেমাত্র সঞ্জয় দত্তের ‘বায়োপিক’ নিয়ে কাজ শুরু করেছেন রাজকুমার হিরানি। এরপর তিনি কাজ শুরু করবেন ‘পিকে’ ছবির সিক্যুয়াল নিয়ে। আর এরও পরে হয়তো তিনি হাত দেবেন ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়ালের কাজে।
কাজেই আবারও সেই বিখ্যাত বচনেরই দ্বারস্থ হতে হচ্ছে। ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়ালের বাস্তবতা হচ্ছে—‘দিল্লি হনুজ দূর অস্ত’। এনডিটিভি।