'দিল'-এর সিক্যুয়েল আসছে

মাস্তি আর কত? দুই-দুটি কমেডি ছবি সিরিজ উপহার দিয়েছেন পরিচালক ইন্দ্র কুমার। ছবিগুলো বক্স অফিস যেমন মাত করেছে, তেমনি দর্শকের হৃদয়েও স্থান করে নিয়েছে। তিনি আবার রোমান্টিক ছবির ঘরে ফিরে যাচ্ছেন। ১৯৯০ সালের তাঁরই তৈরি ‘দিল’ ছবির সিক্যুয়েল দিয়ে রোমান্টিক জগতে ফিরছেন এ পরিচালক।
‘দিল’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ও মাধুরী দীক্ষিত। ছবিটি আট ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও শুধু মাধুরি দীক্ষিত ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। এরপর তেলেগু ও বাংলা ভাষায় ছবিটি নির্মিত হয়। বাংলাদেশে নির্মিত ছবিটির নাম দেওয়া হয় ‘আমার ঘর আমার বেহেস্ত’, অভিনয় করেন শাকিল খান ও পপি।
ছবিটির সিক্যুয়েল করার পরিকল্পনা নিয়ে পরিচালক ইন্দ্র কুমারের কাছে জানতে চাইলে তিনি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেন, ‘আমরা এ বছরই শুটিং শুরু করব। প্রকল্পটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। “দিল” সব সময়ই আমার দারুণ পছন্দের একটি ছবি। আমরা ইতিমধ্যে অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটা একটি খুবই ব্যবসাসফল ছবি, আমি দর্শকদের আশাহত করতে চাই না। আমি এর সিক্যুয়েলটি খুবই যত্নের সঙ্গেই তৈরি করব। সিক্যুয়েলের মধ্য দিয়ে আমি আবার রোমান্টিক ঘরানায় ফিরছি।’
পরিচালক ইন্দ্র কুমার বলিউডের ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের মধ্যে একজন। তিনি ১৯৯৭ সালে আমির খান ও অজয় দেবগন অভিনীত জনপ্রিয় ছবি ‘ইশক’ নির্মাণ করেন। দুটি দর্শকনন্দিত কমেডি ছবি ‘মাস্তি’ ও ‘ধামাল’ দিয়ে বলিউডে অন্য ধরনের কমেডি সিরিজ শুরু করেন তিনি। ১৫ জুলাই ‘মাস্তি’ সিরিজের ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ মুক্তির কথা রয়েছে। ইন্ডিয়াটুডে