'দুজনে দেখা হলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা রণবীর সিং
দীপিকা রণবীর সিং

চাইলেই কি সব মেলে? আর সে চাওয়া যদি হয় ভালোবাসা; তাহলে বোধ হয় অনেকেই নিরুত্তর থাকবেন। কিন্তু রণবীর সিং সম্ভবত সেই বিরল সৌভাগ্যের অধিকারী। যিনি ভালোবাসার মানুষ তো পেয়েছেনই; ভালোবাসা দিবসে সেই ভালোবাসার মানুষটির পাশেও পৌঁছেছেন। 

রণবীর সিংয়ের প্রেমিকা দীপিকা পাড়ুকোন ছিলেন কানাডায়। হলিউডের নির্মাতা ডিজে কারুসোর ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিংয়ে। এবারের ভালোবাসা দিবসটি প্রেমিকার সঙ্গে কাটানোর জন্য রণবীর সিংও উড়াল দিয়েছিলেন কানাডায়। গতকাল ডিজে কারুসো দীপিকা ও রণবীরের সঙ্গে তোলা একটি আলোকচিত্র পোস্ট করেছেন টুইটারে। ভালোবাসা দিবসে রণবীর যে দীপিকার পাশে পৌঁছেছেন, সেই খবর নিশ্চিত করেছেন কারুসোই।
টুইটারে ছবি পোস্ট করে কারুসো লিখেছেন, ‘আজ সেটে একজন ‘‘বিশেষ অতিথি’’ এসেছেন। হ্যাশট্যাগে লিখেছেন রণবীর সিং ও অত্যন্ত আনন্দিত দীপিকা পাড়ুকোন।’
রণবীরের এই চমকে দেওয়ায় দীপিকা যে যারপরনাই খুশি তা কারুসোর পোস্ট করা ছবিতে এই তারকা অভিনেত্রীর উজ্জ্বল হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দীপিকার কাছ থেকে দূরে থাকতে চাননি রণবীর। তাই দীপিকা সুদূর কানাডায় থাকলেও সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর সিং। প্রেমিকার পাশে থাকতে হাতের সব কাজ শিকেয় তুলে উড়াল দিয়েছিলেন কানাডার উদ্দেশে।

‘দুজনে দেখা হলো’: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
‘দুজনে দেখা হলো’: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

দীপিকা-রণবীর সিংয়ের প্রেমের বিষয়টা এবারের ফিল্মফেয়ার পুরস্কারের আসরেই সবার চোখে স্পষ্ট ধরা পড়েছিল। অনুষ্ঠানে এই দুই তারকা ও তাঁদের পরিবারের সদস্যদের ঘনিষ্ঠতা দেখেও বোঝা গেছে যে পারিবারিকভাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম স্বীকৃতি পেয়েছে।
ফিল্মফেয়ারের এবারের আসরে রণবীর ও দীপিকা, এই দুজনের মা-বাবাই কাছাকাছি বসেছিলেন। পুরস্কার নেওয়ার আগেও তাঁরা দুজনেই আশীর্বাদ নিয়েছেন সবার কাছ থেকে। পুরস্কার ঘোষণার সময়ও দুজন যখন পরস্পরকে আলিঙ্গন করেছেন, টিভির পর্দা জুড়ে সে সময় তাঁদের ক্যামেরায় ধরেছেন আলোকচিত্রী। সে সময়েই সবাই টের পেয়েছেন দুজনের সম্পর্ক।
‘রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে। কিছুদিন আগে রণবীর স্বীকারও করেছেন যে তাঁর জীবনে বিশেষ স্থান দখল করে আছেন দীপিকা। এনডিটিভি। মিড-ডে।