'দেশপ্রেম জোর করে হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

হলে গিয়ে ছবি দেখেছেন? তাহলে নিশ্চয়ই জানেন, ছবি শুরুর আগে জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এমনটা হয় পাশের দেশ ভারতেও। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মন্তব্য করলেন, সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সংগীত বাজানো উচিত না!

ভারতীয় কলামিস্ট শোভা দের সঞ্চালনায় আয়োজিত একটি আড্ডা অনুষ্ঠানে এ কথা বলেন বিদ্যা বালান। তিনি বলেন, ‘আমার মনে হয় না ছবি শুরুর আগে জাতীয় সংগীত বাজানো উচিত। আপনি কোনো স্কুলে পড়েন না যে দিনটা জাতীয় সংগীত দিয়ে শুরু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত যে জাতীয় সংগীত বাজানো উচিত নয়। দেশপ্রেম জোর করে হয় না।’

ডার্টি পিকচার–খ্যাত এই তারকা জানান, তিনি তাঁর দেশকে ভীষণ ভালোবাসেন এবং দেশকে রক্ষার জন্য যেকোনো কিছু করতে পারেন। কিন্তু এটা তাঁর বলে বেড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তবে যেখানেই জাতীয় সংগীত শোনেন বিদ্যা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান। নিজ মুখেই স্বীকার করলেন সে কথা। সূত্র: হিন্দুস্তান টাইমস।