'দয়ালু' শাহরুখের ভক্ত মনিকা বেলুচ্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ মনিকা
শাহরুখ মনিকা

জন্মদিনে ভক্ত-সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ঢলে ভেসেছেন ‘কিং খান’ শাহরুখ। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বলিউডের তারকাদের শুভেচ্ছা বাণীতে ভরে গিয়েছিল তাঁর টুইটার, ফেসবুক পেজ। শুধু দক্ষিণ এশিয়ায় নয় ‘বলিউড বাদশার’ ভক্তরা আছেন সারা বিশ্বে জুড়েই। সম্প্রতি শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তিনি জানান, এ অভিনেতার দয়ালু মনের বড় একজন ভক্ত তিনি। সম্প্রতি যুক্তরাজ্যে জেমস বন্ড সিরিজের ‘স্পেকট্রা’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে মনিকা এ কথা জানান।
বলিউডে কাজ করার আগ্রহ আছে কিনা জানতে চাওয়া হলে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের এই অভিনেত্রী বলেন, ‘ওহ্‌! বলিউড। আমি এখনো কিছু বলতে পারছি না। আমি গাইতে পারি না, নাচতেও জানি না। তবে, মরক্কোতে একবার আমার শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। তিনি সত্যিই খুব দয়ালু মনের একজন মানুষ। তাঁর সাক্ষাৎ পেয়ে আমি অভিভূত। তাঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি।’ 

মনিকা বেলুচ্চি মনে করেন, বলিউডের চলচ্চিত্র বিনোদনে ভরপুর। তিনি বলেন, ‘বলিউডে অনেক প্রতিভাবান এবং ভালো পরিচালক আছেন। এখন ভারতীয় সিনেমায় সত্যি অনেক ভালো কাজ হচ্ছে। এখানে ভিন্ন কিছু হচ্ছে।’ টাইমস অব ইন্ডিয়া।