'নওয়াজউদ্দিন' শতকের সেরা আবিষ্কার

‘মাঝি-দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সব মহলেই দারুণ প্রশংসিত হচ্ছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার টুইটারে নওয়াজউদ্দিন সম্পর্কে দারুণ এক প্রশংসাসূচক বার্তা লিখেছেন অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। ‘নওয়াজউদ্দিন এ শতকের সেরা আবিষ্কার’ বলে টুইট করেছেন তিনি।
নওয়াজ উদ্দিনের পাশাপাশি ‘মাঝি-দ্য মাউন্টেন ম্যান’ ছবিটিরও প্রশংসা করেছেন তিনি। টুইটে শত্রুঘ্ন লিখেছেন, ‘গতিশীল, বাস্তব আর বিহারের গর্বের সময় উপযোগী ছবি’ এটি।
২১ আগস্ট ভারতে ছবিটি নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে। পরিচালক কেতন মেহতা। গয়ার একটি গ্রামের দশরথ মাঝির জীবনকাহিনি নিয়েই এই ছবি। দশরথ মাঝি ‘পাহাড় মানব’ হিসেবে খ্যাত। ২০০৭ সালে ৮০ বছর বয়সে মারা যান তিনি। মারা যাওয়ার আগে একাই পাহাড় কেটে তাঁর গ্রামের মানুষের জন্য যোগাযোগের পথ তৈরি করেছিলেন দশরথ। পাহাড়ের কারণে কাছের শহরে ঘুরপথে অনেক সময় ধরে যেতে হতো। মরণাপন্ন রোগীকে শহরে নিতে নিতেই সব শেষ হয়ে যেত। মাঝি ২২ বছর ধরে একটু একটু করে পাহাড় খুঁড়ে তার ভেতর দিয়ে পথ তৈরি করেন। ৭৫ কিলোমিটারের দূরত্ব নেমে আসে ২ কিলোমিটারে। এই দশরথ মাঝির চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী|
বাস্তবে নওয়াজউদ্দিনের বেড়ে ওঠার গল্পটিও অনেকটা ছবির এই মাঝির মতোই। সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসেছেন বলিউডে। অনেক ছোট-খাটো চরিত্রে অভিনয় করেছেন। গত কয়েক বছর ধরে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করছেন তিনি। সর্বশেষ সালমান খানের বজরঙ্গী ভাইজান ছবিতেও পার্শ্বচরিত্রে ছিলেন এই অভিনেতা। (আইএএনএস)