'নটসম্রাট' নানা

গত বছরের শেষে তাঁকে পাওয়া গিয়েছিল ‘ওয়েলকাম ব্যাক’ ছবির একটি কমেডি চরিত্রে। নতুন বছরে তিনি আবির্ভূত হয়েছেন ট্র্যাজেডির নায়ক হয়ে। চলতি মাসের ১ তারিখে মুক্তি পেয়েছে নানা পাটেকর অভিনীত মারাঠি ছবি ‘নটসম্রাট’।
একজন অভিনেতার সম্ভাবনাকে কাজে লাগাতে একসঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। দীর্ঘদিন ধরে নানা পাটেকর সে কাজটিই করে যাচ্ছেন সাফল্যের সঙ্গে। ফলে বলিউডের নানা চরিত্রে সাফল্যের সঙ্গে নিজের আসন পাকা করে নিয়েছেন তিনি। এবার তাঁকে দেখা গেল মারাঠি ছবিতে।
‘নটসম্রাট’ ছবিটিতে নানা পাটেকরের চরিত্রটি এক বর্ষীয়ান মঞ্চাভিনেতার। ছবিটির কাহিনি তাঁরই জীবনের করুণ ট্র্যাজেডি নিয়ে। যিনি তাঁর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে জয় করেছেন বহু মানুষের হৃদয়। পেয়েছেন বিপুল খ্যাতি। অথচ ব্যক্তিগত জীবনে এই নটসম্রাট নিজ সন্তানদের কাছে অবহেলিত ও নিগৃহীত হন। জীবনের শেষ প্রান্তে গিয়ে স্ত্রীকে নিয়ে পথে বসতে হয় তাঁকে।
সম্প্রতি ‘নটসম্রাট’ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে নানা পাটেকর বলেছেন, ‘অভিনয় আমার জন্য শুধুই একটি পেশা নয়। এর মাধ্যমে আমি শ্বাস-প্রশ্বাস নিই, বেঁচে থাকি।’
‘নটসম্রাট’ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়েছে মারাঠি ভাষার একটি বিখ্যাত নাটকের ওপর ভিত্তি করে। সেই নাটকটি মঞ্চে দেখেছেন কি না—জানতে চাইলে নানা বলেন, ‘যখন আমার বয়স ২০ বছর, তখন “নটসম্রাট” নাটকে শ্রীরাম লাগুর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ নিজে ওই চরিত্রে অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছি, এই বয়সে এসে গণপত আপ্পার ভূমিকায় অভিনয় করার মতো শারীরিক বা মানসিক শক্তি অবশিষ্ট নেই আমার।’
মুক্তির পর প্রথম সপ্তাহেই মারাঠি চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়েছে ‘নটসম্রাট’। প্রথম সপ্তাহ শেষে ছবিটি আয় করেছে ১০ কোটি টাকারও বেশি।
ছবিটিতে ‘নটসম্রাট’ গণপত রামচন্দ্র বেলওয়ালকরের ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকর। এ ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা বিক্রম গোখল। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকার। নানা পাটেকর নিজেই ছবিটি প্রযোজনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।