'নাজিয়া হাসান' হতে চান আলিয়া ভাট

শুধু ছবিতে অভিনয়ের জন্যই ‘নাজিয়া হাসান’ হতে চাওয়া নয়; সম্প্রতি আলিয়া ভাট জানিয়েছেন, নাজিয়া সংগীতশিল্পী ছিলেন, আর তিনিও গান করেন। আলিয়ার এ কথায় যেন কণ্ঠশিল্পী নাজিয়ার মতো একজন সংগীতশিল্পী হতে চাওয়ার সুপ্ত ইচ্ছাও প্রকাশিত হয়েছে।
নাজিয়া হাসানকে মনে পড়ে? বলিউডের ‘কুরবানি’ ছবির ‘আপ য্যায়সা কোই ...’ গানটি গেয়েছিলেন যিনি। পাকিস্তানে জন্ম নেওয়া অকালপ্রয়াত এই প্রতিভাবান সংগীতশিল্পীর গান আশির দশকে তুমুল সাড়া জাগিয়েছিল। জনপ্রিয় এই পপ সংগীতশিল্পীকে নিয়ে বলিউডে একটি ছবি তৈরি হতে যাচ্ছে। আর এ ছবিতেই ‘নাজিয়া হাসান’ চরিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের হালের সেনসেশন অভিনেত্রী আলিয়া ভাট।
‘নাজিয়া’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে আলিয়া ভাট বলেছেন, ‘পাকিস্তানের এক সময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া এই পপ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আমি খুবই খুশি হব।’ তিনি বলেন, ‘এ পৃথিবী থেকে মাত্র ৩৫ বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন।’
নাজিয়া হাসানের জন্ম পাকিস্তানের করাচিতে হলেও পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লন্ডনে পড়াশোনা করেছিলেন। পাকিস্তানের শিল্পী হওয়ার পরও নাজিয়া হাসান ভারতের মানুষের কাছে জনপ্রিয় একজন পপ সংগীতশিল্পী হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তাঁর সংগীত প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন সবাই। নাজিয়া বলিউডের ছবিতেও তাঁর গান দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। এই উপমহাদেশে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই আশির দশকেই তাঁর মঞ্চ উপস্থিতি, কণ্ঠের মাধুর্য সব মিলিয়ে সে সময় ব্যাপক সাড়া জাগিয়েছিলেন এই ক্ষণজন্মা শিল্পী।

নাজিয়া হাসান প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘তিনিও (নাজিয়া হাসান) একজন সংগীতশিল্পী ছিলেন আমিও গান করি। আমার মনে হয় বিষয়টা আকর্ষণীয়ই হবে।’
নাজিয়া হাসানকে নিয়ে নির্মিতব্য এ ছবির প্রসঙ্গে আলিয়া ভাট আরও বলেন, যদিও আমি বিষয়টি নিয়ে বেশি কিছু ভাবছি না। কিন্তু আমার মনে হয়, এখনই আমার এটা করা উচিত।
আলিয়া জানিয়েছেন, নাজিয়া চরিত্রটিতে অভিনয় করলে সম্ভবত তিনি একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে আরও মেলে ধরতে পারবেন। সম্প্রতি মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের তিনি এমনটি জানিয়েছেন।
ইদানীং বলিউডে ‘বায়োপিক’ বা জীবনী নির্ভর ছবি বানানোর প্রবণতা বেড়েছে। নির্মাতাদের অনেকেই বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব, ক্রিকেটার, তারকা অভিনেতার জীবনকে নিয়ে ছবি বানাচ্ছেন। সম্প্রতি ক্রিকেটার এম এস ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতা এমরান হাশমি করছেন ক্রিকেটার আজহারউদ্দিন চরিত্র। ২০১৬ সালে বলিউডের তারকা রণবীর কাপুর অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় দত্তের চরিত্রে। এ ছাড়াও, আমির খানের ‘দঙ্গল’ ছবিটি এবং সালমান খানের ‘সুলতান’; বলিউডের এই সব ছবি মূলত জনপ্রিয় অথবা বিশেষ ব্যক্তিত্বকে নিয়েই নির্মিত হচ্ছে। বলিউডের অনেক নির্মাতাই এখন ব্যক্তিত্বদের জীবনীকে ভিত্তি করেই চলচ্চিত্র নির্মাণ করছেন।
আলিয়া ভাটের সর্বশেষ ‘শানদার’ ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুরের বিপরীতে। শহীদ কাপুর-আলিয়া ভাট জুটির এই ছবিটি মুক্তি পাচ্ছে এই অক্টোবর মাসের ২২ তারিখে। ইন্দো-এশিয়ান নিউজ। টাইমস অব ইন্ডিয়া।