'নির্বাক' হৃতিক

মাথায় আঘাত পেয়ে সার্জনের ছুরির নিচে যেতে হয়েছিল। সফল অস্ত্রোপচারের পর হৃতিক রোশন কাজে ফিরেছেন বেশ কিছুদিন হলো। কিন্তু চিকিৎসকেরা সাবধান করে দিয়েছিলেন, পুরোপুরি সেরে ওঠা হয়নি হৃতিকের। প্রচণ্ড জোরে হওয়া কোনো শব্দ সহ্য হবে না তাঁর। কিন্তু বলিউডে অ্যাকশন ছবি করতে গেলে শব্দ তো সহ্য করতেই হবে!
ব্যাং ব্যাং ছবির নেপথ্যের কুশলীরা হৃতিকের এ অবস্থার কথা জানার পর নিয়েছে বিশেষ উদ্যোগ। প্রায় নির্দিষ্ট মাত্রার মধ্যে শব্দ রেখেই শুটিংয়ের কাজ করতে পারছেন হৃতিক। এ জন্য ইউনিটের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাঁর। হৃতিক বলেছেন, ‘জোরালো শব্দ আমার সহ্য হয় না। এত বড় অ্যাকশনের সেটেও শুটিং ক্রুরা শব্দটা যথাসম্ভব নিচে রেখে যে কাজ করাতে পারছে, সেটা সত্যিই বিস্ময়কর।’
সেটে কারও জোরে কথা বলা বারণ। এমনকি ওয়াকিটকিও ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। শুধু তা-ই নয়, নাচের দৃশ্যগুলোর শুটিংয়েও নাকি গান বাজানো হচ্ছে না। এ যেন নির্বাক যুগে ফিরে গিয়ে ধুমধাম অ্যাকশন ছবি বানানো! মুম্বাই মিরর।