'পদ্মশ্রী' অজয়কে নিয়ে কাজলের টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগন ও কাজল
অজয় দেবগন ও কাজল

ভারতে এ বছরের ‘পদ্ম’ পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নাম উঠেছে বলিউডের অভিনেতা ও প্রযোজক অজয় দেবগনের। তিনি মনোনীত হয়েছেন ‘পদ্মশ্রী’ খেতাবের জন্য। অজয়-পত্নী কাজলও পেয়েছেন এই পদ্মশ্রী পুরস্কার। তবে কাজল এ পুরস্কার পেয়েছেন ২০১১ সালে। অজয়ের পদ্মশ্রী খেতাব পাওয়া নিয়ে টুইটারে এক বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজল।

৪৬ বছর বয়সী অজয়কে নিয়ে টুইটারে এক বার্তায় কাজল লিখেছেন, ‘পরিবারে আরেকটি পদ্মশ্রী পুরস্কার এল। এর জন্য গর্বিত আমি আর পদ্মশ্রী পাওয়ার জন্য অজয়ের জন্য অনেক অনেক ভালোবাসা।’

এদিকে ‘পদ্মশ্রী’ পুরস্কার পাওয়ার বিষয়টি জানার পর অজয় দেবগন অত্যন্ত বিনীতভাবে জানিয়েছেন, নিজের দেশের এই মহার্ঘ সম্মাননা পাওয়ার কারণে অনেক খুশি হয়েছেন তিনি।

অজয় লিখেছেন, ‘যখন আমি দেশের বাইরে আমার ‘‘শিবায়’’ ছবির কাজে ব্যস্ত, তখন এ বছরের এই সম্মাননা পাওয়ার খবরটি আমার জন্য “বিশেষ” একটি বিষয় হিসেবেই মনে হয়েছে। আমি বিষয়টি মেনেই বলছি যে এই সম্মাননার কারণে আমার কাঁধে আরও বাড়তি দায়িত্ব চাপল।’ তিনি আরও লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমার সাধ্যের মধ্যে যত দূর সম্ভব আমি দেশের জন্য কাজ করে যাব।’ এনডিটিভি।