'পদ্মশ্রী' প্রিয়াঙ্কা

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের শুটিংয়ের জন্য ছিলেন কানাডার মন্ট্রিলে। প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই খবর পেয়েছেন তিনি ভারতের সম্মানজনক বেসামরিক খেতাব ‘পদ্মশ্রী’ পেয়েছেন। মন্ট্রিলে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর মা-ও রয়েছেন। মায়ের সঙ্গেই ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা প্রাপ্তির বিষয়টি উদযাপন করছেন বলিউড ও হলিউডের এই তারকা অভিনেত্রী।
উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া পদ্মশ্রী পদক পাওয়ার পর বলেছেন, ‘কী অসাধারণ এক জানুয়ারি দিয়ে আমার বছর শুরু হলো। একজন সামরিক কর্মকর্তার মেয়ে আমি। সে কারণে এই বেসামরিক সম্মাননা পাওয়ার বিষয়টি আমার জন্য খুবই অসাধারণ।’
প্রিয়াঙ্কা চোপড়ার বাবা চিকিৎসক অশোক চোপড়া ভারতের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন। অশোক চোপড়া অবসরে যান ১৯৭৬ সালে।
‘পদ্মশ্রী’ সম্মাননা প্রাপ্তির খবরটি যখন মন্ট্রিলে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে পৌঁছায়, সে সময় তিনি ছিলেন গভীর ঘুমে। এই অভিনেত্রীর মা-ই প্রথম ঘুম থেকে তুলে আনন্দের এ খবরটি প্রিয়াঙ্কাকে জানান।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি অনেক খুশি হয়েছি। আমার মা-ই আমাকে ঘুম থেকে উঠিয়ে এই পুরস্কার প্রাপ্তির খবরটি জানান।’ তিনি আরও বলেন, ‘আমরা দুজনে এখানে ‘পদ্মশ্রী’ পুরস্কার পাওয়ার বিষয়টি উদযাপনের আয়োজন করছি।’
‘পদ্মশ্রী’ সম্মাননা প্রাপ্তির বিষয়টি জানার পর এই তারকা অভিনেত্রী টুইটারে টুইটও করেছেন। টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই সম্মানজনক পদকপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম ওঠার জন্য তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
এর আগেও বিভিন্ন পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা। কিছুদিন আগে ‘কোয়ান্টিকো’ সিরিজে অভিনয়ের সুবাদে পেয়েছেন পিপলস চয়েজের ‘ফেবারিট অ্যাকট্রেস’ পুরস্কার। ‘পদ্মশ্রী’ পুরস্কার পাওয়ার বিষয়টি জানার পর তাঁর কী প্রতিক্রিয়া—জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছিলেন, এটা পদ্মশ্রী পুরস্কার রে ভাই, এ খবর নাড়িয়ে দিয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন ‘আন্দাজ’, ‘এতরাজ’, ‘কৃশ’, ‘ফ্যাশন’, ‘মেরি কম’, ‘বরফি’ ও ‘বাজিরাও মাস্তানি’র মতো ছবিতে।
‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিং ছাড়াও প্রিয়াঙ্কা বর্তমানে কাজ করছেন প্রকাশ ঝাঁর ‘জয় গঙ্গাজল’ ছবিতে। কাজের মধ্যেই ডুবে আছেন তিনি। আর কাজকে ভালোবাসেন তিনি।
যা হোক, তাঁর সততা, পরিশ্রম আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই যে তিনি সম্মানিত হয়েছেন—এ বিষয়টি খুব ভালো করেই জানেন এই তারকা অভিনেত্রী। সম্ভবত এ কারণেই তিনি বলেছেন, ‘আমাকে কাজে ফিরতে হবে। আর এভাবেই এই সম্মাননা প্রাপ্তির বিষয়টির আনন্দ উদযাপন করব আমি। আমি কাজ করব।’ ইন্দো-এশিয়ান নিউজ।