'পদ্মাবতী'তে শহীদ কাপুর

সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করছেন ‘পদ্মাবতী’। চিতোরের রানির অসমসাহসী উপাখ্যান নিয়েই হবে ছবিটি। এরই মধ্যে দীপিকা পাড়ুকোনকে পদ্মাবতী চরিত্রের জন্য নেওয়া হয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য বিশাল অঙ্কের অর্থ পাচ্ছেন দীপিকা। গোল বেধেছিল তাঁর স্বামীর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে। কারণ, এ ছবিতে চিতোরের স্বামীর চরিত্রটি শক্তিশালী নয়।
চরিত্রটিতে অভিনয়ের জন্য শাহরুখ খান, ফাওয়াদ খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা ‘না’ করে দিয়েছেন। প্রস্তাব দেওয়া হয়েছিল শহীদ কাপুরকেও। তিনিও করবেন না বলে জানিয়েছিলেন। তবে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার পর নাকি শহীদ কাপুর রাজি হয়েছেন চিতোরের রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করতে। শহীদ কাপুর কেন রাজি হলেন, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শোনা গেল, এই ভূমিকায় অভিনয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রস্তাব করা হয়েছে, তাতে নাকি ‘না’ করার কোনো কারণ দেখেননি শহীদ কাপুর। আর তাই শহীদ নাকি এরই মধ্যে রাওয়াল রতন সিংয়ের মতো হয়ে ওঠার চেষ্টা শুরু করে দিয়েছেন। দেখা যাক, দীপিকা-শহীদ জুটিটা কেমন দাঁড়ায় এই ছবিতে! টাইমস অব ইন্ডিয়া