'পদ্মাবতী' নিয়ে দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে আসেন ‘পদ্মাবতী’ ছবির পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি
নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে আসেন ‘পদ্মাবতী’ ছবির পরিচালক ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি

‘পদ্মাবতী’ নিয়ে ভারতের রাজনীতি যখন উত্তাল, তখন ছবিটির মুক্তি দেওয়ার ব্যাপারে জট কাটাতে গতকাল বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠক বসে। বৈঠকে সদস্যরা ছাড়াও চলচ্চিত্র সেন্সর বোর্ডের শীর্ষ কর্মকর্তা প্রসূন যোশি এবং ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে ডাকা হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা পৃথকভাবে প্রসূন যোশি ও সঞ্জয় লীলা বানসালির বক্তব্য শোনেন। আলোচনার পর এই ইঙ্গিত দেওয়া হয়, ছবিটির মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংসদীয় কমিটিকে প্রসূন যোশি জানান, একটি বিশেষজ্ঞ কমিটির সামনে ছবিটি প্রদর্শন করা হবে। এরপর ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এদিকে সংসদীয় কমিটির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, ‘ছবিটির মুক্তি নিয়ে এত জলঘোলার কী আছে? ছাড়পত্র পাবে কি পাবে না, তা ঠিক করবে চলচ্চিত্র সেন্সর বোর্ড।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পদ্মাবতী’র পাশে দাঁড়িয়েছেন। এরপর হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল অমু মমতার নাক কেটে দেওয়ার হুমকি দেন। সংসদীয় কমিটির আরেক সদস্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিষয়টি কমিটির সামনে উত্থাপন করেন। এরপর সংসদীয় কমিটি এই হুমকির নিন্দা জানায়। বৈঠকে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বারস্থ হন সিপি যোশিসহ রাজস্থানের বিজেপির দুই সাংসদ। এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় কমিটির রিপোর্ট চেয়ে পাঠায়। সংসদীয় কমিটিতে রয়েছেন কমিটির চেয়ারম্যান বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর, লালকৃষ্ণ আদভানি, তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সাংসদ রাজ বাব্বর প্রমুখ।

‘পদ্মাবতী’ নিয়ে মূলত বিতর্ক শুরু হয় রানি পদ্মাবতীর একটি নাচ ও আলাউদ্দিন খলজির স্বপ্নে রানির সঙ্গে ঘনিষ্ঠ একটি দৃশ্য নিয়ে। যদিও পরিচালক সঞ্জয় লীলা বনসালি বারবার বলেছেন, দ্বিতীয় দৃশ্যটি ছবিতে নেই। তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। বরং বিক্ষোভকারীরা দাবি তুলেছে, ছবির সব বিতর্কিত অংশ বাদ দিতে হবে। অন্যথায় ছবিটি মুক্তি দেওয়া হবে না।