'পদ্মাবতী'-র সেটে আহত রণবীর

অভিনেতা হিসেবে রণবীর সিংয়ের বড় গুণ হলো তিনি যখন কোনো চরিত্রে অভিনয় করেন, তখন তাঁর মধ্যে এমনভাবে বুঁদ হয়ে যান যে বাস্তবে কী ঘটছে, তার আর কোনো খেয়াল থাকে না। তবে চরিত্রের ভেতর ডুবে যাওয়ার কিছু খারাপ দিকও আছে। সম্প্রতি ‘পদ্মাবতী’-র সেটে যেমন আলাউদ্দিন খিলজির চরিত্রে একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন রণবীর। কিন্তু দৃশ্য ‘কাট’ না করা পর্যন্ত রণবীরকে দেখে বিষয়টা কেউ টেরই পাননি। টের পাবেন কীভাবে? রণবীর সিং কাউকে কিছু বুঝতে না দিয়ে যে দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছিলেন।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দৃশ্যটি শেষ হওয়ার পর সবাই দেখেন রণবীরের মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। সে সময় তাঁকে শুটিং সেটেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তাঁর মাথায় সেলাই দিতে হবে। কিন্তু রণবীর হাসপাতাল থেকে ফিরেই আবার কাজে নেমে পড়েন। আঘাতের কারণে শুটিং থেকে বিরতি না নিয়ে পুরো দিনের শুটিং শেষ করেন এই অভিনেতা।
রণবীর সিংয়ের প্রেমিকা দীপিকা পাড়ুকোন এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন। রণবীরের আঘাতের সময় তিনিও সেটে উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি। জুম টিভি।