'পদ্মাবতী'তে ঐশ্বরিয়া?

হাম দিল দে চুকে সানাম ও দেবদাস এখনো আছে বলিউড-ভক্তদের মনে। দুজনের শেষ ছবি ছিল গুজারিশ। এরপর টানা ছয় বছরের বিরতি। পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাইকে একসঙ্গে আবার দেখা যেতে পারে পদ্মাবতী সিনেমায়।

কোনো শক্তিশালী চরিত্রে নয়, একটি গানে অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে। এর আগেও গোলিও কি রাসলীলা রামলীলা ছবিতে ‘রাম চাহে লীলা চাহে’ গানে সঞ্জয় নাকি প্রথমে ঐশ্বরিয়াকেই প্রস্তাব দিয়েছিলেন। পরে সেখানে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।
ছবির একটি সূত্র জানিয়েছে, ঐশ্বরিয়ার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন বানসালি। ১৫-২০ দিনের শুটিং শিডিউল। তার আগে হবে রিহার্সেল। ছবিতে ঐশ্বরিয়া নাকি কয়েকটি সংলাপও বলবেন।
করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল-এ শেষবার দেখা গেছে ঐশ্বরিয়াকে। এখন ঐশ্বরিয়ার হাতে তেমন কোনো ছবি নেই। তাই সঞ্জয়ের ছবির অতিথি চরিত্রে রাজি হতে পেরেছেন সহজেই। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষ।
চিতোরের রানি পদ্মাবতীকে নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। পদ্মাবতীকে ঘিরে আলাউদ্দিন খিলজির প্রেমের উপাখ্যান হবে ছবিটি। পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তাঁর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে দেখা যাবে শহিদ কাপুরকে। আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। আলাউদ্দিনের স্ত্রীর চরিত্রে থাকবেন অদিতি রাও হায়দারি।
১৭০ কোটি রুপির বাজেট নিয়ে ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম এইটিন মোশন পিকচার্স। আগামী বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। বলিউড হাঙ্গামা