'পদ্মাবতী'তে দীপিকার স্বামী শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদ কাপুর
শহিদ কাপুর

দীপিকার স্বামীর ভূমিকা নিয়ে ছিল শঙ্কা। কেননা, ‘পদ্মাবতী’ ছবির ওই চরিত্রটিতে যার-তার সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না দীপিকা পাড়ুকোন। এ চরিত্রের জন্য পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থেকে শুরু করে কিং খান শাহরুখ—অনেকের নামই শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত শহীদ কাপুরে এসে থামতে হলো। সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন চরিত্রে দেখা যাবে শহীদ কাপুরকে।
শহীদের শেষ ছবি ‘উড়তা পাঞ্জাব’ ছবি নিয়ে আলাপকালে তিনি বলছিলেন, ছবি শেষ বলে তিনি এবার বেকারের খাতায় নাম লেখালেন। তবে খুব বেশি দিন বেকার থাকতে হলো না সদ্য বাবা হওয়া এ বলিউড তারকাকে। শিগগির ‘পদ্মাবতী’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
এর আগেও একবার এ ছবিতে রাজা রাওয়াল রতন চরিত্রে শহীদের কাজ করার কথা শোনা গিয়েছিল। শেষমেশ সেটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি শহীদকে দেখা গেছে পরিচালক বানসালির দপ্তরে। ‘পদ্মাবতী’ ছবিতে তিনি কাজ করছেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পেছনের অন্যতম কারণও এটি।
‘পদ্মাবতী’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। কিন্তু তাঁর সঙ্গে খিলজির সঙ্গে পদ্মাবতীর তেমন কোনো দৃশ্য নেই। তাই পদ্মাবতী দীপিকা চেয়েছিলেন, স্বামী রাজা রাওয়াল রতনের চরিত্র বড় কোনো অভিনেতা অভিনয় করুক। কিন্তু চিত্রনাট্যে চরিত্রটি ছিল দুর্বল। তাই কেউই শেষতক রাজি হচ্ছিলেন না। এবার শহীদের আবদার ছিল চরিত্রটিকে সামান্য বদলে যেন একটু গুরুত্বপূর্ণ করে তোলা হয়। শুধু তা-ই নয়, পারিশ্রমিক হিসেবে তিনি চেয়েছিলেন ৮ থেকে ১০ কোটি রুপি। এর আগে কোনো ছবিতে তিনি এত টাকা নেননি। ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে