'পরি'র জন্য 'শ্রম'

পরিশ্রম! বলিউডের ‘পরি’ হয়ে উঠতে চাইলে শুধু দেখার মতো চেহারা থাকলেই চলবে না। দিতে হবে ঘামভেজা শ্রম। আর পরিশ্রম সার্থক হলেই মিলবে সাফল্য। এমনটাই মনে করেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের ব্যর্থতার চোরাবালিতে কত বিশ্বসুন্দরীই হারিয়ে গেছেন। শুধু বিশ্বসুন্দরীর খেতাবই যথেষ্ট যে নয়, এটাই তার প্রমাণ। প্রিয়াঙ্কাও প্রমাণ করেছেন, রূপটাই তাঁর একমাত্র পুঁজি নয়।
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হয়ে উঠতে প্রিয়াঙ্কা বারবার একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিয়েছেন। এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাঁকে, যেখানে প্রিয়াঙ্কা পুলিশ হয়ে লড়াই করবেন ভয়ংকর সব ভিলেনের সঙ্গে।
প্রিয়াঙ্কা বলেছেন, ‘বাকি সবার মতোই আমার জীবনটাও একই রকম। আমিও স্বপ্ন দেখি, আমার লক্ষ্য আছে। আর সেটি পূরণ করতে কঠোর পরিশ্রম করি। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত লড়াইয়ের গল্প আছে।’
তবে পুরো কৃতিত্বের ভাগ তিনি একা নিতেও চান না, ‘বলিউড আমাকে প্রচুর সাহায্য করেছে। আমার প্রতি সদয় ছিল বরাবরই। এটাই আজকের আমাকে বানিয়েছে। এর জন্য আমি চিরকৃতজ্ঞ।’ পিটিআই।