'পাই'কে পেলেন আনুশকা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুশকা শর্মা বলতেই পারেন, ‘পাইলাম, আমি তাহাকে পাইলাম।’ প্রথম ছবিতে অভিনয় করেই আলোড়ন ফেলে দিয়েছিলেন সুরাজ শর্মা। দুই শর্মাকে এবার দেখা যাবে একই ছবিতে। এনএইচ-টেন সাফল্যের পর আবারও ছবি প্রযোজনা করছেন আনুশকা। নতুন ছবি ফিল্লুরিতে আনুশকা ও সুরাজের পাশাপাশি অভিনয় করবেন দিলজিৎ দোসানজ।

অ্যাং লির সাড়া জাগানো ছবি লাইফ অব পাই দিয়ে আলোচনায় এসেছিলেন সুরাজ। এরপর আরও তিনটি ছবি করেছেন। কাজ করেছেন একটি টিভি সিরিজেও। কিন্তু বলিউডের মূলধারার ছবিতে এই প্রথম কাজ করবেন ২২ বছর বয়সী ‘পাই’ চরিত্রের এই অভিনেতা। ফিল্লুরি পরিচালনা করবেন নবাগত পরিচালক আনশাই লাল।
ফিল্লুরি নিয়ে উচ্ছ্বসিত আনুশকা বলেছেন, ‘অনন্য একটা গল্প। ছবির গল্পটা গড়ে উঠেছে ১০০ বছর ধরে, একটা পাগলাটে পাঞ্জাবি ঘরানার বিয়ে, আর অজস্র মানুষ মিলেই এই প্রেমের গল্পটা পূর্ণ করেছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।