'পানি সেদ্ধ' থেকে 'ওমলেটে' পৌঁছেছেন হাশমি!

তারকার ঘরের হেঁশেল থেকে শুধু খাবারই নয় আসে খবরের উপাদানও। তা না হলে সাধারণ মানুষ নানান নাগরিক যন্ত্রণায় সেদ্ধ হলেও তা খবর হয় না অথচ বলিউডের অভিনেতা ইমরান হাশমি স্রেফ ডিমের ওমলেট বানিয়েই উঠে আসেন খবরে!
সত্যিই তাই। সম্প্রতি ডিমের ওমলেট বানাতে শিখেছেন ‘সিরিয়াল কিসার’ এই অভিনেতা। আর তা জানিয়ে একটি টুইট করার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিনোদনের খোরাক হয়ে উঠেছে বলিউডপ্রেমীদের।

গতকাল বুধবার ইমরান হাশমি খুদে ব্লগসাইট টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, রান্নাঘরে দাঁড়িয়ে ছুরি হাতে পেঁয়াজ কাটছেন তিনি।
এ ছবির সঙ্গে টুইটে হাশমি লিখেছেন, ‘ইয়ে! এই মাত্র পানি সেদ্ধ করা থেকে আমার অবস্থান ডিমের ওমলেট বানানোয় উত্তীর্ণ হলো।’ টুইটে ইমরান আরও লেখেন, ‘অবশ্য আমার এই কাণ্ডে কেউ হতাহত হননি!’
এর আগে, ফারাহ খানের রান্নার অনুষ্ঠান ‘ফারাহ কি দাওয়া’-এ এসে ইমরান বুঝিয়ে দিয়েছিলেন, কত বাজে রাঁধুনি তিনি। তাই তাঁর এবারের এই ‘উন্নতি’ নিশ্চয় হাশমি ভক্তদের মুখে হাসি ফোটাবে।
সাম্প্রতিক ছবিগুলোর বক্স অফিস ব্যর্থতা ইমরান হাশমি ভক্তদের রীতিমতো কষ্টে রেখেছে। আর তাই এই তুচ্ছ ডিমের ওমলেটের উসিলায় যদি হাশমি ভক্তরা আনন্দের সামান্যতম উপলক্ষও খুঁজে পান তাতে ক্ষতি কি! টুইটার।