'পিংক' ছবিটি ধর্ষণ নিয়ে নয়: অমিতাভ

আগামী ১৬ সেপ্টেম্বর আসছে অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি ‘পিংক’। ছবির গল্প আবর্তিত হয়েছে দিল্লির তিনজন তরুণীকে ঘিরে।
সুজিত সরকারের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে অমিতাভ বচ্চন একজন আইনজীবী হিসেবে অভিনয় করেছেন।
দিল্লিতে সাম্প্রতিক সময়ে নারী ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছিল। সে আলোচনার পরিপ্রেক্ষিতে তিন মেয়েকে ঘিরে ছবির গল্প হওয়ায় অনেকে ভেবেছিল, ছবিটি ধর্ষণ নিয়ে। তবে অমিতাভ বলেছেন, এটি ধর্ষণ নিয়ে কোনো ছবি নয়। একটি অপরাধ মামলার ফাঁদে পড়ে তিনটি মেয়ে কী রকম অবস্থার মুখোমুখি হয়, সেটাই দেখানো হবে ছবিতে।
সম্প্রতি ‘পিংক’ ছবির গান ‘জিনে দে মুঝে’ প্রকাশিত হলো। এর অনুষ্ঠানে অমিতাভ বলেন, ‘আমি মনে করি, ছবিটি তরুণ প্রজন্মের জন্য বর্তমান অবস্থা নিয়ে কথা বলছে। ছবিটিতে এমন একটি অবস্থা দেখানো হবে, যা এখনো দিল্লি ও দেশের বেশির ভাগ এলাকাতেই বর্তমান।’
অমিতাভ মনে করেন, ছবিটি দেখার পর দর্শকেরা নিরালায় বসে ভাবতে বাধ্য হবেন।
ছবির প্রথম গান ‘জিনে দে মুঝে’ সম্পর্কে অমিতাভ বলেন, এটি মুক্তির গান। বিশেষ করে তরুণ মেয়েদের জন্য। তিনি সব সময়ই বিশ্বাস করেন, ভারতের অর্ধেক শক্তি নারী এবং তাঁদের জীবনের যাত্রাপথে অবশ্যই মর্যাদা থাকতে হবে।
ছবিতে তিন তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তাপসি পান্নু, কীর্তি কুলহারি ও আন্দ্রেয়া তারিং। ইন্ডিয়ান এক্সপ্রেস