'পিকে' নিয়ে হুলুস্থুল

আমির খানের সিনেমা পিকের কৃতজ্ঞতা স্বীকার তালিকায় প্রথম নাম লালকৃষ্ণ আধবানির। সিনেমা দেখে বিজেপির একদা ‘লৌহপুরুষ’ আধবানি বলেছেন, ‘দেশের প্রত্যেক মানুষের উচিত পিকে দেখা। কেননা, ধর্মকে হাতিয়ার যারা করে, যারা ধর্মের বেসাতি করে টিকে থাকে, এই ছবি তাদের গালে বিরাশি সিক্কার চপেটাঘাত!’ অন্যদিকে, এ ছবির ভক্ত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। এ জন্যই উত্তর প্রদেশে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু একদিকে যেমন প্রশংসার ফুলঝুরি ফুটছে, অন্যদিকে পিকে নিয়ে চলছে জ্বালাও-পোড়াও আন্দোলন!
হিন্দুত্ববাদীদের অন্য শাখার রথী-মহারথীরা, যেমন বাবা রামদেব অথবা গোরক্ষপুরের যোগী আদিত্যনাথেরা আবার লালকৃষ্ণ আধবানির উল্টো পথের পথিক। তাঁরা মনে করেন, এই ছবি হিন্দুধর্মকে আঘাত করেছে। অতএব, ছবিটি বর্জন করা হোক, আমির খানকে বয়কট করা হোক। বজরঙ্গ দলের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠেনরও একই দাবি। শুধু দাবিতে তাঁরা ক্ষান্ত থাকেননি, আহমেদাবাদ, ভুপাল ও আগ্রার মতো শহরের কিছু সিনেমা হলে ভাঙচুরও করেছেন। হুমকি দিয়েছেন, সিনেমার প্রদর্শন বন্ধ না হলে আগুন জ্বলবে। ঘটে যাবে রক্তারক্তি কাণ্ড। তবে মহারাষ্ট্র সরকার এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিশ বলেছেন, ‘পিকে ছবিতে আপত্তিকর দৃশ্য আছে কি না, তা জানতে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনের অনুমতি দিয়েছে। তাই প্রদর্শনী বন্ধ করার প্রশ্নই ওঠে না।’