'প্যাডম্যান': একটি সাহসী পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যাডম্যান’ ছবির পোস্টার
‘প্যাডম্যান’ ছবির পোস্টার
  • ‘প্যাডম্যান’ ছবির নায়ক লক্ষ্মীকান্ত চৌহান।
  • পিরিয়ড ঘিরে নানা কুসংস্কার নজরে আসে তার।
  • গায়ত্রীর জন্য নিজের হাতে ন্যাপকিন তৈরি করে লক্ষ্মী।

‘প্যাডম্যান’ ছবির নায়ক ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামের সাদাসিধে যুবক লক্ষ্মীকান্ত চৌহান। গায়ত্রীর সঙ্গে বিয়ে হওয়ার পর লক্ষ্মী জানতে পারে মেয়েদের পিরিয়ড সম্পর্কে। একে ঘিরে নানা কুসংস্কার নজরে আসে তার। পিরিয়ডের পাঁচ দিন অনেক মেয়ে নোংরা কাপড়, ছাই, মাটি, পাতা, ঘাস ব্যবহার করে। এ জন্য বন্ধ্যাত্ব থেকে শুরু করে নানা যৌন রোগ, প্রাণহানি পর্যন্ত হয়। গায়ত্রীকেও একই কাজ করতে দেখে লক্ষ্মী। এ সময়টায় গায়ত্রী নিজেকে বন্দী করে রাখে একটি ঘরে।

স্ত্রীর জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে লক্ষ্মী দেখে, এর দাম অত্যন্ত চড়া, সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই গায়ত্রীর জন্য নিজের হাতে ন্যাপকিন তৈরি করে লক্ষ্মী। পিরিয়ড নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য লক্ষ্মীকে সমাজচ্যুত হতে হয়। সবার কাছে লক্ষ্মী হয়ে ওঠে চরিত্রহীন এক মানুষ। নিজের পরিবারও তাকে ছেড়ে চলে যায়। এমনকি গায়ত্রীও।

‘চিনি কম’ ও ‘পা’–র পরিচালক আর বালকি এই ছবিতেও নিজের সুনাম বজায় রেখেছেন। তবে ছবির প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ বেশি টান টান। ২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবির কোনো কোনো দৃশ্য পরিচালক অহেতুক লম্বা করেছেন মনে হয়। ‘প্যাডম্যান’-এর চরিত্রে অক্ষয় কুমার এককথায় অনবদ্য। ছবিতে নিজেকে উজাড় করে দিয়েছেন এই অভিনেতা। রাধিকা আপ্তে গায়ত্রীর চরিত্রে আবারও অভিনেত্রী হিসেবে নিজের জাত চেনালেন। ‘পরি’রূপী সোনম কাপুর এই ছবিতে এক মুঠো তাজা বাতাস। তাঁর স্বল্প উপস্থিতি সবার মনে দাগ কেটে যাবে। চরিত্রটি একটু কম জোরদার, তবে আর বালকি এই ছবিতে এক অন্য সোনমকে উপহার দিয়েছেন। অমিতাভ বচ্চনের উপস্থিতি এই ছবির বাড়তি পাওনা। সংলাপ দুর্দান্ত। অমিত ত্রিবেদীর সংগীত যথাযথ।

শেষ পর্যন্ত এটি এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনি। এই কাহিনি মূলত দক্ষিণ ভারতের অরুণাচলম মুরুগানান্থমের। পেটে আট ক্লাসের বিদ্যা নিয়ে শুধু ইচ্ছাশক্তির জোরে ও বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেছিলেন স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের মেশিন। তাঁর জীবন থেকেই নির্মিত হয়েছে টুইঙ্কেল খান্না প্রযোজিত প্যাডম্যান। আশা করা যায়, প্যাডম্যান মেয়েদের পিরিয়ড ঘিরে সমাজের অহেতুক লজ্জা ও কুসংস্কার কিছুটা হলেও দূর করবে।