'প্রযোজক হব, পরিচালক নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া প্রশংসিত। গান গেয়েও জিতে নিয়েছেন বহু মানুষের মন। আর যা-ই করুন, পরিচালক হতে চান না পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। সম্প্রতি সিনেমা পরিচালনা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, কখনোই পরিচালক হতে চান না তিনি। এ নাকি ভীষণ কঠিন একটা কাজ।

বার্তা সংস্থা আইএএনএসকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘যদি সিনেমায় আরও কিছু করতে হয়, তবে প্রযোজনা করব। কিন্তু পরিচালক হতে পারব না। পরিচালকের দায়িত্ব অনেক। এত সব আমার পক্ষে করা সম্ভব নয়।’
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। এরপর একে একে ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কাজ করে দারুণ প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। সর্বশেষ ‘উড়তা পাঞ্জাব’ ছবির চরিত্রটির জন্য নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অভিনয় নিয়ে পরিবারের কাছ থেকে পরামর্শ পান কি না, জানতে চাইলে আলিয়া বলেন, ‘মা-বাবা কখনই কোনো পরামর্শ দেন না। পরামর্শ যা দেওয়ার আমার ছবির পরিচালকেরাই দেন।’
আলিয়ার পরবর্তী ছবি ‘ডিয়ার জিন্দেগি’। গৌরী শিন্ডের পরিচালনায় এই ছবিতে আলিয়ার নায়ক শাহরুখ খান। শাহরুখ খানের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। এনডিটিভি