'প্রেমিকা' ইউলিয়ার অনুষ্ঠানের প্রচারে সালমান

বলিউডের ‘সুপারস্টার’ সালমান খান শুধু চলচ্চিত্রেই বাজিমাত করেননি। রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালক হিসেবেও তিনি তাঁর যোগ্যতার প্রমাণ রেখেছেন। সম্প্রতি টুইটারে এই তারকা অভিনেতা জানিয়েছেন যে তিনি তাঁর ‘প্রেমিকা’ ইউলিয়া ভেঞ্চুরের রিয়েলিটি শো ‘দ্য ফার্ম’-এর প্রচারে মাঠে নামছেন।
এ প্রসঙ্গে সালমান টুইটারে লিখেছেন, ‘আমি এই শোটি করার কথা ভাবছি অনেক দিন আগে থেকেই। এটা অনেকটা বিগ বসের মতো। কিন্তু এর মূল বিষয় ফার্ম বা খামার।’
‘দ্য ফার্ম’ নামের এই রোমানিয়ান রিয়েলিটি শো অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে আছেন ইউলিয়া ভেঞ্চুর।
ইউলিয়া ভেঞ্চুরের শো ‘দ্য ফার্ম’ নিয়ে সালমান আরও লিখেছেন, ‘এই শোটি খামার নিয়ে। এই অনুষ্ঠানে কত কিছুই যে করার আছে!’
সালমান খান এমন একটি অনুষ্ঠানের ভারতীয় সংস্করণ নিয়ে চিন্তাভাবনা করছেন—এ বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে অনেকেই আলোচনা করে আসছিলেন। এবার সালমানের এই টুইটের পর বিষয়টি একটা ভিত্তি পেল।
এদিকে ইউলিয়াও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এর ক্যাপশনে লিখেছেন, ‘আশা করছি সাইপ্রাসে! আজ এই অনুষ্ঠানের নতুন মৌসুম (সিজন) শুরু করলাম।’
রোমানিয়ান রিয়েলিটি শো তারকা ইউলিয়া আরও লিখেছেন, ‘আরেক দেশ, অন্য রকম মজা!’
সালমান-ইউলিয়ার সম্পর্কটি যদিও অনেকটা সময় পাড়ি দিয়ে ফেলেছে। কিন্তু সালমান বরাবরই ইউলিয়াকে তাঁর ‘ভালো বন্ধু’ হিসেবেই সবাইকে জানিয়ে আসছেন।
সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার রায়ের আগে মুম্বাইতে সালমানের কাছে এসেছিলেন ইউলিয়া। এরপর দীর্ঘদিন আর রোমানিয়ায় ফেরেননি তিনি। কিছুদিন আগেও খবর প্রকাশিত হয়েছিল যে ‘বিগ বস’ অনুষ্ঠানটির শুটিংয়ের সময় যে ‘শ্যালেট’ বা বাড়িতে ছিলেন সালমান, সেখানেই ইউলিয়া ভেঞ্চুরকে দেখা গেছে। সংবাদমাধ্যমগুলো সে সময় জানিয়েছিল ইউলিয়া ও সালমান একসঙ্গে এক ‘ঘর’-এ থাকছেন।
গত বছরের ডিসেম্বরে সালমানের ৫০তম জন্মদিনেও ইউলিয়া পানভেলের ফার্ম হাউসে (খামারবাড়ি) এই অভিনেতার পাশেই ছিলেন। এনডিটিভি। মিড-ডে।