'প্রেম' এর জন্য 'ছোট' ছিলেন সালমান!

বলিউডের ছবির চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে কার ছবি ভেসে ওঠে? সহজ এই প্রশ্নের উত্তর কমবেশি সবাই জানেন। সালমান খান ১৯৮৯ সালে সুরুজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে প্রথম ‘প্রেম’ হয়ে এসেছিলেন বড়পর্দায়। এরপর বলিউডের ছবিতে অসংখ্যবার তিনি এই একই নামের চরিত্রে আবির্ভূত হয়েছেন। তাই যেন ‘প্রেম’ নামটি একেবারে মার্কা হয়েই লেগে আছে সালমানের গায়।
কিন্তু পাঠক শুনলে রীতিমতো অবাকই হবেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির ‘প্রেম’ চরিত্রে অভিনয় করতে এসে প্রথমে অডিশনেই বাদ পড়ে গিয়েছিলেন বলিউডের এই ‘বজরঙ্গী ভাইজান’। পরিচালক সুরুজ নাকি এই চরিত্রের জন্য সালমানকে অনেক অল্পবয়স্ক ভেবে অডিশনে তাঁকে বাদই দিয়েছিলেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে ছাব্বিশ বছর আগের এই মজার স্মৃতি ভাগাভাগি করেন সুরুজ বরজাতিয়া নিজেই।
সুরুজ জানিয়েছেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের জন্য সালমান যে ছবি পাঠিয়েছিলেন সে ছবি দেখেই তাঁকে ডাকা হয়েছিল অডিশনের জন্য। কিন্তু সামনাসামনি দেখার পর নাকি এই চলচ্চিত্রের ‘প্রেম’ চরিত্রটির জন্য তাঁকে অনেক বেশি ছোট বলেই মনে হয়েছিল পরিচালকের।
সুরুজ বরজাতিয়া স্বীকার করেন, সেসময় খান সাহেবের অভিনয়ও নাকি তাঁকে তেমন মুগ্ধ করতে পারেনি। আর এ কারণেই ‘প্রেম’ চরিত্রটির জন্য অন্য কোনো অভিনেতাকে খুঁজতে শুরু করেন তিনি। সেসময় সালমানও নাকি নির্মাতার কাছে কয়েকজন অভিনেতার নাম সুপারিশ করেছিলেন। যদিও তিনি জানতেন যে এ জন্য তাঁকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। সালমানের এমন মিষ্টি আচরণই শেষপর্যন্ত মন জয় করে নিয়েছিল সুরুজের। এরপর সালমানকেই চূড়ান্ত করা হয় তাঁর ছবির জন্য, বাকি ইতিহাস তো সবারই জানা।
দিওয়ালি উপলক্ষে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সুরুজ বরজাতিয়ার নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। এ ছবিতে দীর্ঘদিন পর আবারও ‘প্রেম’ নামের চরিত্রে দেখা যাবে সালমান খানকে। টাইমস অব ইন্ডিয়া।