'ফিনিক্স পাখি' রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খানের সঙ্গে রণবীর কাপুর
কারিনা কাপুর খানের সঙ্গে রণবীর কাপুর

রণবীর কাপুরের সাম্প্রতিক ছবিগুলো ভালো ব্যবসা করছে না। একের পর এক ফ্লপ ছবির কারণে তিনি নাকি হতাশায় ভুগছেন। তবে এ ধরনের খবরকে উড়িয়ে দিয়েছেন রণবীরের চাচাতো বোন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। তাঁর ভাষ্য, রণবীর হতাশায় ভুগছেন না। পৌরাণিক কাহিনির বহুশ্রুত সেই ফিনিক্স পাখির মতো রণবীর আবারও ফিরবেন বলেই আশা প্রকাশ করেছেন কারিনা।
এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘কেন তিনি হতাশায় ভুগবেন? উত্থান-পতন জীবনের অংশ। কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সবচেয়ে বড় অস্ত্র তাঁর আছে। আর সেটা হলো তাঁর প্রতিভা। কোনো উপদেশের প্রয়োজন তাঁর নেই। আসলে কারওরই উচিত নয় কাউকে উপদেশ দেওয়া। কাউকে উপদেশ দেওয়ার আমি কেউ নই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
কারিনা আরও বলেন, ‘জীবনে চলার পথে নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এটা কোনো ব্যাপারই না। আমি নিশ্চিত, ফিনিক্স পাখির মতোই ফিরে আসবেন তিনি।’