'ফোকাস'-এ অভিষেক-ইরফান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন ও ইরফান খান
অভিষেক বচ্চন ও ইরফান খান

কয়েক বছর আগে প্রযোজক বিজয় নাম্বিয়ার ঢাকঢোল পিটিয়ে ‘ফোকাস’ ছবিটি করার কথা ঘোষণা করেন। তারপর থেকে একের পর এক বদল চলে আসছে।

প্রথম বদলটা হয় পরিচালকের। ‘ফোকাস’ ছবিটি প্রথমে পরিচালনা করার কথা ছিল আকাশ খুরানার। প্রযোজক নাম্বিয়ারের সঙ্গে মতের মিল না হওয়ায় আকাশ এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন। ছবিটিতে প্রথমে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল ‘রোজা’ ও ‘বোম্বে’ খ্যাত অভিনেতা অরবিন্দ স্বামীর। কিন্তু পরে তাঁকে সরিয়ে এই চরিত্রের জন্য রাজকুমার রাও-কে নির্বাচন করা হয়।

সদ্য পাওয়া খবর অনুযায়ী, রাজকুমার রাও ‘ফোকাস’-এ কাজ করছেন না। এমনকি ছবিটির প্রযোজকও বদলে গেছে। বিজয় নাম্বিয়ার এই ছবিটি প্রযোজনার দায়িত্ব থেকে সরে এসেছেন। সূত্রের খবর অনুযায়ী, বিজয়ের প্রযোজনা সংস্থা আর্থিকভাবে ক্ষতিতে চলছে। তাই তারা ‘ফোকাস” থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে কি ‘ফোকাস’ শুরু হওয়ার আগেই বন্ধ? না, এবার বিজয়ের এই ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন রনি স্ক্রুওয়ালা। রনি ছবিটির নাম আপাতত বদল করেননি। তাই ‘ফোকাস’-এর নাম একই থাকছে। তবে কাস্টিং-এর ক্ষেত্রে বদল এনেছেন রনি। রাজকুমার রাও-এর বদলে অভিষেক বচ্চন এবং ইরফান খানকে ‘ফোকাস’-এর প্রধান দুটি চরিত্রের জন্য নাকি নির্বাচন করেছেন। এর থেকে বেশি খবর পাওয়া যায়নি।