'ফ্যানি খান'-এ অনিল-ঐশ্বরিয়ার জুটি নয়!

‘ফ্যানি খান’ ছবিতে অনিল-ঐশ্বরিয়ার জুটি আবার সবাই রুপালি পর্দায় দেখবেন বলে হয়তো আশা করেছিলেন। না, সে আশা পূরণ হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।
জানা গেছে, এবার সাবেক এই বিশ্বসুন্দরীকে তাঁর চেয়ে কম বয়সী এক নায়কের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। এর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও ঐশ্বরিয়া রাই বচ্চনকে বয়সে ছোট রণবীর কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা গেছে। শুধু তা-ই নয়, পর্দায় তাঁদের রসায়ন বেশ ভালোই জমেছিল। এবার ‘ফ্যানি খান’ ছবিতে আবার এক নতুন জুটিকে দেখবে বলিউড তথা হিন্দি চলচ্চিত্রপ্রেমীরা। তবে এখন পর্যন্ত জানা যায়নি বচ্চনবধূ কার সঙ্গে জুটি বাঁধছেন।
অতুল মাঞ্জরেকর পরিচালিত এই ছবিতে অনিল-ঐশ্বরিয়ার জুটি ১৭ বছর পর দেখবে বলে উৎসাহিত ছিল বলিউড। তাঁদের পর্দায় একসঙ্গে শেষ দেখা যায় ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। এর আগে এই জুটিকে দেখা যায় সুভাষ ঘাইয়ের ‘তাল’ চলচ্চিত্রে। তবে ত্রিভুজ প্রেমের ছবি ‘তাল’-এ অক্ষয় খান্নার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার। অনিল এ ছবিতে ছিলেন পার্শ্ব-অভিনেতা।
ওম প্রকাশ মেহেরা প্রযোজিত ‘ফ্যানি খান’ ছবিটি ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি চলচ্চিত্র ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। মিউজিক্যাল-কমেডি ভিত্তিক এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে সম্পূর্ণ এক নতুন রূপে। অতুল পরিচালিত এই ছবিটি এক ১৭ বছরের উঠতি গায়িকার গল্প নিয়ে। যার বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে।