'ফ্যাশন অজ্ঞ' ছিলেন শহীদ!

বলিউড অভিনেতা শহীদ কাপুর সম্প্রতি তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। গত মঙ্গলবার স্কালট নামের এই ফ্যাশন হাউসের উদ্বোধন হলো। অথচ এই শহীদ কিনা একসময় ফ্যাশনের ‘ফ’-ও বুঝতেন না। নিজের সম্পর্কে এই কথা অকপটেই স্বীকার করলেন এই ‘শানদার’ অভিনেতা।
শহীদ বলেন, ‘১০ বছর আগেও আমার ফ্যাশনবোধ ছিল খুব দুর্বল। তখন আমার একদমই কোনো ধারণা ছিল না কোন পোশাক পরব আর কোথা থেকে তা কিনব। সার্চ ইঞ্জিন আর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপারেও তেমন কিছু জানতাম না বলে আন্তর্জাতিক ফ্যাশন ধারায় কী চলছে, সে খবরও অজানা ছিল।’
অতীতে তাঁর ‘শোচনীয়’ ফ্যাশনবোধের বর্ণনা দিতে গিয়ে শহীদ বলেন, ‘আগে এমন হতো যে আমি টকটকে হলুদ রঙের একটি টি-শার্টের সঙ্গে জিনস আর বুট পরে কোনো অনুষ্ঠানে হাজির হয়ে যেতাম। আমি তো ভাবতাম যে আমাকে দেখতে বেশ স্টাইলিশ লাগছে। কিন্তু গত দুই–তিন বছরে আমার ফ্যাশন ধারণার পরিবর্তন ঘটেছে। এখন আমি এই সম্পর্কে একটু আধটু বুঝি। আর এখন আমি ফ্যাশন নিয়ে কাজ করতে চাই।’
আগামী বছর শহীদ অভিনীত ‘রেঙ্গুন’ ও ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে ‘রেঙ্গুন’-এর শুটিং শেষ হয়েছে। আর খুব শিগগির শুরু হবে সঞ্জয়লীলা বনসালির ‘পদ্মাবতী’র কাজ। এই ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। হিন্দুস্তান টাইমস।