'বাজিরাও' দেখে মুগ্ধ অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

ইংরেজি হরফে হিন্দিতে লেখা ‘ইসকা নেশা নেহি উতার রাহা,বাজিরাও!!!’— এই মন্তব্য বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের। আজ সকালে খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় এ কথা লিখেছেন ‘বিগ বি’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘বাজিরাও মস্তানি’ ছবিটি দেখে মুগ্ধ অমিতাভ মন্তব্য করতে গিয়ে লিখেছেন, দীপিকা পাডুকোণ ও রণবীর সিং এর ‘বাজিরাও মাস্তানি’ এখনো তাঁর চোখে ভাসছে। সব মিলিয়ে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এ ছবিটি দেখে অভিভূত হয়েছেন তিনি। অমিতাভ আরও লিখেছেন, ‘এ ছবি এক কথায় অসাধারণ।’
খুদে ব্লগসাইট টুইটারে একাধিক টুইট বার্তায় ৭৩ বছর বয়সী বলিউডের এই শক্তিমান অভিনেতা যা লিখেছেন, সোজা বাংলায় তার অর্থ দাঁড়ায়— ‘বাজিরাও মাস্তানি’ দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি...।’ তিনি লিখেছেন, ‘ক্যামেরার পেছনে একজন শক্তিশালী পরিচালক আর সামনে এক ঝাঁক প্রতিভা… এক কথায় এই সিনেমা বিস্ময়কর। নেশা কাটছে না... বাজিরাও!’
অমিতাভ আরও জানিয়েছেন, শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।
বর্তমানে নতুন ছবির শুটিং কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। সম্প্রতি কলকাতার গঙ্গায় নৌকায় শুয়ে থাকার ছবি তুলে সে ছবি আপলোডও করেছেন ভক্তদের জন্য। ‘তিন’ ছবির জন্য হাওড়া ব্রিজ আর তার চারদিকে শুটিং করে ব্লগে তাঁর এই হঠাৎ ঘুমের একটা কৈফিয়তও দিয়েছেন বিগ বি৷ লিখেছেন, ‘কী আর করি! নৌকাটা যে পৌঁছতে অনেকটা সময় নিয়ে নিল! তাই লিওনার্দো ডি ডিক্যাপ্রিওর মতো নৌকার বুকে...।’ তিনি আরও লিখেছেন, ‘তবে, আমার হিমশৈলের ধাক্কায় ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই! কেন বলুন তো? কেন না এখানকার আবহাওয়া নদীর জলকে বরফ হওয়ার কোনো সুযোগই দেয় না! মাফ করবেন, এই বেয়াড়া রসিকতার জন্য! বিজনেস স্ট্যান্ডার্ড ডটকম।